২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান আজিজুল হকের কিশোর সাহিত্য ও স্মৃতিকথা

শিশুতোষ সাহিত্য রচনা করতে গিয়েও হাসান মনে রাখেননি তাঁর পাঠকদের বয়স ও তাদের কোমল মনের কথা। শিশুদের ভালো লাগা গল্প লেখা তাঁর ধাতে নেই বলেই বোধকরি শিশু—কিশোর সাহিত্যে তাঁর উল্লেখযোগ্য পদচারণা দেখা যায় না।

হাসান আজিজুল হকের কিশোর সাহিত্য ও স্মৃতিকথা
হাসান আজিজুল হক। ছবি: মোস্তাফিজুর রহমান

ফারুক মঈনউদ্দীন

Published : 15 Nov 2025, 07:02 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

হাসান আজিজুল হককে আমরা এতদিন জানতাম কিংবা তিনি বেশিরভাগ মানুষের কাছে পরিচিত রাঢ় বঙ্গের ফুটিফাটা মাটির মতো কঠিন বিষয় নিয়ে গল্প লেখেন, তাঁর বর্ণনায় মমতা আছে, সেই মমতা কঠিন আবরণে মোড়া। সেই বয়ান কখনো তীক্ষ্ণ বিদ্রুপ, কখনো দগদগে সত্যের অসহনীয় ভাষ্যে কণ্টকময়। আমরা তাঁর যে ভুবনে পদচারণা করেছি এতদিন,  সেখানে থেকে শিশু বা কিশোর সাহিত্যে তাঁর পদচারণার বিষয়টা আমাদের সামনে খুব বড় হয়ে আসে না।  

সাহিত্য-জীবনের তুলনায় তাঁর গল্পের সংখ্যা যেমন কম, তেমনই কম তাঁর অন্য শাখার লেখার পরিমণও। কিশোর সাহিত্যে তাঁর অবদান একটি উপন্যাস এবং প্রায় আধাডজন গল্প।  সেকারণেই বোধকরি তাঁর শিশু—কিশোর সাহিত্যের দিকে আমাদের খুব বেশি নজর ছিল না। তবে তিনি যে শিশুসাহিত্যের নামে অর্থহীন কিছু লিখে প্রকাশকদের দাবি পূরণ করে শিশুকিশোর পাঠকদের প্রতারিত করেননি, সেটি বলার অপেক্ষা রাখে না। আদর্শ শিশুকিশোর সাহিত্যে বয়সানুপাতিক বিষয়বস্তু থাকতে হয়, চিত্রিত করতে হয় জীবন গঠনের জন্য প্রয়োজনীয় কাহিনি, কল্পনার জগতকে বিস্তৃত করার জন্য থাকতে হয় বিভিন্ন প্রসঙ্গের অবতারণা এবং আবশ্যিকভাবে চিত্তগ্রাহী গল্পের পরিবেশনা। বিকাশমান শিশুমনের ওপর ইতিবাচক ছাপ ফেলে এমন সংবেদনশীল বিষয়বস্তুও থাকতে হয় সেখানে ।  হাসান সে পথ মাড়াননি, সম্ভবত শিশুমনের উপযোগী বিষয় তিনি বানাতে পারেন না। সেটা তাঁর অক্ষমতা নয়, ভীষণ কঠিন বাস্তবকে তুলে আনার নিরন্তর প্রয়াসে যে সত্য তিনি প্রকাশ করতে চেয়েছেন, সেসব শিশুতোষ হবে না বলেই মনে করতেন তিনি।   

কিশোর সাহিত্য ধারায় অন্তর্ভূক্ত না হলেও বিচ্ছিন্নভাবে হাসান তাঁর একাধিক গল্পে কিশোরদের উপস্থিত করেছেন। সেই গুটিকয় গল্পকে হয়তো ইয়ং অ্যাডাল্ট শ্রেণিভুক্ত করা যেতে পারে। আমাদের দেশে বর্তমানের কৈশোরোত্তীর্ণ প্রজন্মের কাছে ইয়ং অ্যাডাল্ট—এর ধারণাটি নতুন হলেও পাশ্চাত্য বিশ্বে নতুন নয়। গত শতাব্দীর চল্লিশের দশকের মাঝামাঝি সময়ে বয়ঃসন্ধিকালের পাঠকদের জন্য নিউ ইয়র্ক পাবলিক নিয়মিত জর্নালের নিয়মিত কলামটির নাম ছিল “Books for Older Boys and Girls” লাইব্রেরির গ্রন্থাগারিক এটি পরিবর্তন করে নতুন নাম দিয়েছিলেন “Books for Young Adults”  ষাটের দশকে এসে এই ধারার বইগুলোকে ‘ইয়াং অ্যাডাল্ট’ শ্রেণিভুক্ত করা শুরু হয়। বলাবাহুল্য এসব বইয়ের বিষয়বস্তু প্রচলিত শিশুতোষ বা কিশোরোপযোগী বইয়ের মতো নির্দোষ হয় না। এখানে ফ্যান্টাসি, মাদক, ভায়োলেন্স এমনকি হালকা যৌন বিষয়ও অন্তর্ভূক্ত থাকে।  

আমাদের সমাজবাস্তবতা এবং কিছু বিষয়ে আমাদের মনোজগতের টাবুর কারণে যৌবনারম্ভের সময় কিশোরদের দৈহিক ও মানসিক জগতে যে রূপান্তর ঘটতে থাকে, সেসব খোলাখুলি প্রকাশ করার ব্যাপারে একধরনের অঘোষিত নিষেধাজ্ঞা আরোপিত ছিল । তাই বাংলা সাহিত্যে এই ইয়ং অ্যাডাল্ট ধারাটি পুরোপুরি দানা বেঁধে ওঠেনি। আমাদের দেশের স্কুলপাঠ্য বইতে বয়ঃসন্ধিকালীন অজানা বিষয়াবলী অন্তর্ভূক্তির বিষয়েও একশ্রেণির পশ্চাতপদ চিন্তাধারার মানুষের বিরোধিতাই এই বিষয়টির প্রমাণ। 

হাসানের একমাত্র কিশোর উপন্যাস লাল ঘোড়া একটা রূপকথার গল্পের আদলে শুরু হলেও সেটা চিরাচরিত রূপকথা বা কল্পকাহিনীর ধর্ম মেনে শেষ হয়নি। এই উপন্যাসিকাটার সঙ্গে আনা সুয়েলের ব্ল্যাক বিউটির বহু সাযুজ্য থাকলেও সমাপ্তিটা ভিন্নতর। হাসানের লাল ঘোড়া আর সুয়েলের ব্ল্যাক বিউটির জীবন কাহিনী প্রায় একই রকম। উভয় গল্পেই কালো এবং লাল ঘোড়াটি বিভিন্ন সময়ে একাধিক মালিকের সম্পত্তিতে পরিণত হয়েছে, উভয়ই শিকার হয়েছে নিজ নিজ মালিকের নিষ্ঠুরতার । ব্ল্যাক বিউটি যখন নিষ্ঠুর মালিকের জন্য অতিরিক্ত খাটুনিতে বিধ্বস্ত, তখন একজন দয়ালু মালিকের কাছে বিক্রি হয়ে যায় সে। সেখানে শুশ্রুষার কারণে সুস্থ হয়ে ওঠে সে। এখানে সমাপ্তিটা একটা গতানুগতিক রূপকথার গল্পে “অতঃপর সুখে শান্তিতে কাল কাটাইতে লাগিল”র মতো।   

অন্যদিকে হাসানের গল্পে লাল ঘোড়াটির প্রথম মালিক ছিল এক কৃষক। হালের বলদ কিনতে হাটে গেলে শিশুপুত্রের আবদার রক্ষা করতে গিয়ে ঘোড়াটিকে কিনতে হয় তাকে। ঘোড়াটিকে দ্বিতীয় মালিক হয় এক জমিদার। এখানে তার জীবন শ্রেষ্ঠ সময় কেটেছিল। একসময় স্থানীয় মানুষের বিদ্রোহের বলী হয়ে জমিদারের খুন হওয়ার পর ঘোড়াটি প্রথমে গিয়ে পড়ে এক ঘুষখোর দারোগার হাতে। তার সর্বশেষ ঠিকানা হয় এক গ্রাম্য হোমিওপ্যাথের বাড়ি। এখানেই বুড়ো হয়ে মারা যায় ঘোড়াটা।  

এই দুঃখজনক সমাপ্তি ছাড়াও গল্পটিতে হাসান ঘোড়ার জবানীতে মানুষের যাবতীয় হীনতা, ত্রুটি এবং স্বার্থপরতার বিবরণ দিয়েছেন। এখানেই হাসান আমাদের চিরপরিচিত হাসান আজিজুল হক, যিনি গল্প বলতে গিয়েও তুলে আনেন মানুষ ও সমাজ জীবনের নানান অসঙ্গতি এবং অন্ধকারাচ্ছন্ন দিকগুলো। এবিষয়ে হাসান বরাবরই নির্মম ও নির্মোহ। 

মানুষের মতো জীবন নিয়ে আদেখলাপনা দেখাই না আমরা। মৃত্যুতেও আমাদের কোন ভয় নেই। মানুষের কাজ করতে গিয়ে, তাদের লড়াইয়ে, তাদের যুদ্ধে হাজার হাজার বছর ধরে আমরা অকাতরে প্রান দিয়ে এসেছি। একটু ভাবলেই তো বোঝা যায়, ওদের ব্যাপারে আমাদের কী? ওদের হিংসায়, ওদের লোভে, ওদের বদমায়েশিতে আমাদের প্রাণ দেবার কোন মানে নেই। তোমরা যদি একবার মাথা ঠাণ্ডা করে ভাবো, তাহলেই বুঝতে পারবে, মানুষের থেকে আমরা সবদিক থেকেই শ্রেষ্ঠ। শুধু একটা জিনিষের অভাব আমাদের। সে হলো মানুষের বুদ্ধি। এই বৃদ্ধির জোরেই দুনিয়াটা লণ্ডভণ্ড করে বেড়াচ্ছে তারা। আমাদের কেটে টুকরো করে আমাদের মাংসে তাদের পেট ভরাচ্ছে জেনেও আমরা মানুষদের ছাড়তে পারছি না। 

শিশুতোষ সাহিত্য রচনা করতে গিয়েও হাসান মনে রাখেননি তাঁর পাঠকদের বয়স ও তাদের কোমল মনের কথা। শিশুদের ভালো লাগা গল্প লেখা তাঁর ধাতে নেই বলেই বোধকরি শিশু—কিশোর সাহিত্যে তাঁর উল্লেখযোগ্য পদচারণা দেখা যায় না।  

হাসানের কিশোর গল্পের অন্তর্ভুক্ত না হলেও  এবার ইয়াং এডাল্ট ধারার দুয়েকটা গল্পের কথা এখানে আলোচনা করতে পারি আমরা। 

প্রথমেই চলে আসে তাঁর বিখ্যাত গল্প 'শকুন।' গল্পটির প্রতিটি চরিত্রই কিশোর। তাদের মধ্যে আছে গরু চরানো রাখাল, স্কুলের ছাত্র, আবার একাধারে ছাত্র—রাখাল—কৃষকও আছে। এরা রাঢ় অঞ্চলের দরিদ্র কৃষক পরিবারের ছেলে। সন্ধ্যা নামার আগে একটা দিকভ্রান্ত শকুনকে নিয়ে কিশোর দলটির বালকোচিত খেলা ও মজা করার গল্প এটি। ওরা মজাও করে বটে, কিন্তু গল্পের আবহ টানটান এবং সন্ধ্যার নেমে আসা আলোর মতো ধূসর। এই গল্পে হাসান খুব সন্তর্পনে ঢুকিয়ে দেন পরিত্যক্ত অবাঞ্ছিত সদ্যোজাত শিশুদের কথা, যাদের কচি মাংশ খায় শকুন। শকুনের সঙ্গে সুদখোর অগোর বোষ্টমের তুলনা করে কিশোরগুলো। শকুনটাকে ছেড়ে কিশোরের দল যখন রাতের বেলায় বাড়ির পথ ধরে, তখন ন্যাড়া বেলগাছের তলায় তারা দেখতে পায় জমিরদ্দি আর কাদু শেখের বিধবা বোনের গোপন নৈশাভিসার। সকালের আলোতে মানুষ দেখতে পায় মরা শকুনটাকে, তার পাশে পড়ে আছে কাদু শেখের বিধবা বোনের সদ্যোজাত মরা সন্তানটিকে।  শকুনটিকে নিয়ে কিশোরের দল যে কান্ডটা করে, সেটা একটা কিশোর গল্পের বিষয় হতে পারত সহজেই, কিন্তু গ্রামের কিছু নরনারীর গোপন জীবনের নিষিদ্ধ সম্পর্কের কথা বলতে গিয়ে গল্পটিকে তিনি কিশোর সাহিত্যের সীমানা পার করে নিয়ে গেছেন অন্য জগতে। এটিও হালের ইয়ং অ্যাডাল্ট গল্পের একটা প্রকৃষ্ট উদাহরণ হতে পারে।      

‘সারা দুপুর’ এক স্বামী পরিত্যাক্তা রমণীর গল্প হলেও মূল চরিত্র সেই রমণীর কিশোর পুত্র কাঁকন। কাঁকনের মা গল্পে কেবলই মা, তার কোনো নাম উল্লেখ নেই, কোনো বিস্তারিত বর্ননা নেই। ধারণা করা যায় কাঁকনের মা কোনো বিগত যৌবনা রমণী নয়, কারণ স্বামী তাকে পরিত্যাগ করে অন্য নারীকে বিয়ে করেছে। কাঁকনের মায়ের একজন প্রেমিক পুরুষ আছে, যে তার কোলে মাতা রেখে শুয়ে থাকে। গল্পের এই স্বামী পরিত্যাক্তা নারী যে কেবল মা সেকথা অবশ্য জোর দিয়ে কোথাও ইঙ্গিত করা হয়নি। কারণ সেও একজন রক্ত মাংসের নারী. তারও যৌবনের কামনা বাসনা আছে, নির্জন দুপুরে তার ফর্সা প্রেমিক তার কোলে মাথা রেখে শুয়ে থাকে । 

হাসান এই রমণীর জীবনের দুর্বিষহ  বোঝার সবটুকু ভার তারই কিশোর সন্তানের ওপর চাপিয়ে দিয়ে যেন মাকে কিছুটা পরিত্রাণ দিতে চান। স্বামীর বিকল্প হিসেবে একজন প্রেমিক খুঁজে নিলেও যেন এই রমণীর গভীর বিষাদ এবং হতাশা সারা গল্পেই ছড়ানো। কাঁকন, তার মৃত্যুপথযাত্রী দাদু কেউই সেই বিষণ্ণতা থেকে মুক্তি পায় না । সত্যজিত রায়ের “পিকু” ছবিটার নাম চরিত্রও কাঁকনের মত এক নিঃসঙ্গ কিশোর।  স্বামীর সঙ্গে তার বনিবনা না থাকলেও সত্যজিতের পিকুর মা স্বামীর সংসারেই আছে। । স্বামী অফিসে চলে গেলে পিকুর মা নির্জন দুপুরগুলোতে অন্য পুরুষের সাথে শারীরিকভাবে মিলিত হয়। সে ছবিটার আবহও ছিল হাসানের গল্পের মত টান টান, বিষন্ন। কিশোর কাঁকনের ভাবনার ভেতর দিয়ে মানুষের জীবনের অবক্ষয়টা হাসান খুব সূক্ষ্মভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই গল্পে।    

শওকত ওসমানের জননীতে দরিয়া বিবিও ছিল কিশোর মোনাদিরের মা, অথচ কোনো এক দুর্বল মূহুর্তে স্বামী পরিত্যাক্তা দরিয়া দেবর এয়াকুবের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। 

হাসানের এই গল্পে প্রেমিকের সঙ্গে মায়ের ঘনিষ্ঠতা নিঃসঙ্গ কিশোর কাঁকনের সহ্য হয় না, ওর মরে যেতে ইচ্ছে করে। ওসমানের জননীতেও এয়াকুবের সাথে দরিয়া বিবির অবৈধ মেলামেশা প্রত্যক্ষ করে তার কিশোর পুত্র মোনাদির নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। শেষে দরিয়া বিবি নিজেও উদ্বন্ধনে আত্নহত্যা করে, অন্যদিকে ‘সারা দুপুর’ গল্পে কাঁকন ট্রেনের নিচে আত্নঘাতী হয়। 

হাসানের ‘একটি আত্নরক্ষার কাহিনী’ গল্পে রয়েছে এমনি এক জননীর কথা। এক কন্যাসন্তানের জননী স্বামীহীনা রাহেলা একজন স্কুল শিক্ষিকা। আমরা দেখি শারীরিক নিঃসঙ্গতার কারনে তাকে অসম যৌন সম্পর্ক গড়ে তুলতে হয় কৈশোরোত্তীর্ণ রেজার সঙ্গে। এই গল্পেও ইয়ং অ্যাডাল্ট রেজাই যেন মূল চরিত্র। 

হাসানের গল্পে ইয়াং এডাল্ট বিষয় খুব বেশি না থাকলেও তাঁর আত্মজীবনীর কোনোটিতে পাওয়া যায় এমন বহু উপাদান। 

বয়স্করা আমাদের একেবারেই পছন্দ করে না, যুবকরা বিরক্ত হয়——মেয়েরা কাছে গেলেই তামাশা করে। মনে হয়, সবাই আমাদের ত্যাগ করেছে। মা—চাচিরাও মনে হয় বিরক্ত। কিন্তু মেয়েদেরও তো শুনি নানা পরিবর্তন হয়, দেখতেও পাই—ফ্রকের নিচে ছোট ছোট বুক দুটি পুষ্ট হয়ে উঠেছে, ঘন কালো চুলের বন্যা নেমেছে পিঠের ওপর দিয়ে আর চেহারায় কী যে একটা হচ্ছে, বলতে পারব না। সুন্দরটুন্দর নয়——বিচ্ছিরি চেহারার মেয়েরাও তো আছে। বোঝা যাচ্ছে, সবার চেহারায় কিছু একটা ঘটতে শুরু করেছে। কিন্তু আমাদের ছেলেদের বেলায় উল্টোটা। কদাকার হয়ে উঠছে শরীরটা। হাড়গিলার মতো লম্বা হচ্ছে গলা। বুকের টনটনানি, গোঁফ—দাড়ির চুয়ারে চিহ্ন তো আছেই, হাতে—পায়ে ঘন শক্ত লোমও বেরোচ্ছে। কারো সামনে যেতে লজ্জা লাগে, কথা বলতে ইচ্ছা হয় না, লুকিয়ে থাকতে ইচ্ছা করে। মেয়েদের চেহারা কিন্তু এমন হয় না—ছেলেদের ঠিক উল্টোটা।

কিংবা 

বড় মেয়েটি আমার সামনে, আর আমার পেছনে ছোট মেয়েটি। কে দেখেছে যে ওখানে গোবর রাখার গর্তটা রয়েছে! দিনের বেলায় দেয়ালে ঘুঁটে দেওয়ার কাজ হয়ে গিয়েছে। গর্তটা খালি, বড় মেয়েটি অন্ধকারে সেই গর্তে পা দিয়েই হুমড়ি খেয়ে পড়ল, সামলাতে সামলাতে আমি গিয়ে পড়লাম চিত হয়ে পড়ে থাকা মেয়েটির ওপর। মুহূর্তের জন্য তার ছোট কোমল বুক দুটির ছোঁয়া পেলাম আমার বুকে। তখনকার কথা বলতে তো পারবই না, এখনো কিছু বলা সম্ভব নয়। নরম স্নিগ্ধ একটা ছোঁয়া—অনেকটা ফাগুন মাসের সন্ধ্যার বাতাসের মতো কিংবা প্রচণ্ড রোদের মধ্যে এক টুকরো ছায়া পেরিয়ে যাওয়ার মতো। 

হাসান চারচারটি স্মৃতিকথা লিখলেও সেখানে তিনি কৈশোরোত্তীর্ণ হননি। তাঁর সবকটি স্মৃতিকথা কেবল তাঁর শৈশবকে ঘিরে, সেখানে উঠে এসেছে, দেশভাগ, রাঢ়বাংলার মানুষের দারিদ্র্য, সাম্প্রদায়িক বিভাজন এবং দাঙ্গা। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করি তিনি তাঁর পরিণত বয়সের কোনো স্মৃতিকথা লেখেননি। তিনি কি চারটি শৈশব কৈশোরের স্মৃতিগ্রন্থ লিখে ক্লান্ত হয়ে পড়েছিলেন। একই সময়কে কেন্দ্র করে চারটি গ্রন্থ রচনা করলে যে পুনরাবৃত্তির আশঙ্কা থাকে, সেটিও কি তিনি বিস্মৃত হয়েছিলেন? কিংবা আমরা যদি ধারণা করি, তিনি যেরকম অবলীলায় বিভিন্ন অপ্রিয় প্রসঙ্গ বলে ফেলতে কুন্ঠিত হন না, সেসব লিখে প্রকাশ করতে তাঁর কি কোনো ভীতি ছিল? আমরা এক্ষণে স্মরণ করতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী তাঁর বিরুদ্ধে মাঠে নেমেছিল এবং হুমকিও দিয়েছিল। সেই হুমকি মোকাবেলার জন্য তাঁকে বিশেষ সুরক্ষাও দিতে হয়েছিল।

তবে পরিণত বয়সে স্মৃতিকথা তিনি যে একেবারেই লেখেননি, তা নয়। চালচিত্রের খুঁটিনাটি এবং ১৯৭১ করতলে ছিন্নমাথা নামের যে দুটি বই তাঁর আছে, সেগুলোকে স্মৃতিকথা হিসেবে সংজ্ঞায়িত না করলেও সেসবের বর্ণনা যে তাঁর বাস্তব জীবনের স্মৃতি থেকে তুলে আনা সেটি খোলাসা করে বলার দরকার নেই। 

চালচিত্রের খুঁটিনাটির লেখাগুলো প্রসঙ্গে হাসান আজিজুল হক বলেছেন, ‘বর্তমান সংকলনের রচনাগুলি গল্প প্রবন্ধ ভ্রমণকাহিনী ব্যক্তিগত রচনা ইত্যাদি কোনো বিশেষ শ্রেণীভুক্ত নয় অথচ এ সবেরই কিছু কিছু উপাদান লেখাগুলির মধ্যে মেশামেশি করে আছে।’ 

চালচিত্রের খুঁটিনাটি লেখাটা শুরু করেছেন এভাবে, ‘চরিত্রের সন্ধানে নয়, কাহিনীর খোঁজেও নয়, খুব কাছ থেকে নজর করে মানুষ, তার জীবিকা আর যে জগতে সে আষ্টেপৃষ্ঠে আটক আছে তা দেখার জন্যে উত্তরাঞ্চলের একটি এলাকায় গিয়েছিলাম। মানুষের সঙ্গে যোগাযোগের আগেই দেখতে পাই, উত্তরাঞ্চলে বড় বড় মাঠ আছে, সেই মাঠে বন—জঙ্গল লতাপাতার তেমন বাড় নেই। সহজেই বুঝতে পারা যায়, এখানকার মাটি পুরনো। একটা উঁচু মাঠে, লালচে কাঁকরভর্তি মাটির উপর অনেকগুলো তালগাছ খুব কাছ থেকে দেখলাম। গাছগুলোর গুঁড়িতে প্রায় চোখ লাগিয়ে। মরচেধরা মোটা মোটা লোহার তারের রঙের শিকড় দিয়ে তারা ডালকুত্তার মতো মাটি কামড়ে ধরেছে। বেঁচে থাকার কি সাঙ্ঘাতিক পণ!’

সেখানে পৌঁছে  হাসান একটি গর্ত থেকে বেরিয়ে আসা একজন মানুষের দেখা পেলেন। তিনি লেখেন ‘সামনের একটি গর্ত থেকে একজন মানুষ আমাদের সামনে দাঁড়ায়। আমি এদেরই সন্ধানে এসেছি, কাজেই লোকাটিকে খুব কাছে থেকে দেখার দরকার মনে হয়। বলেছি, সে গর্ত থেকে বেরিয়ে এল। কথাটা একটু অতিশয়োক্তি হয়ে গেলো বটে। কিন্তু সামনের উঁচু ভিটের একদিকের ঢালুর নিচে গড়ানে জায়গাটায় যে ঘরটি ছিলো, সেটাকে হঠাৎ আমার গর্ত বলেই ভ্রম হয়েছিলো। বড় আকারের দেশলাই বাক্সের মতো দেখতে, চারদিকের দেয়াল সাত ফুটের বেশি উঁচু হবে না। ঘরের মাথায় কিছু পুরনো পচা খড় আর শুকনো কাঠিখোঁচা কাাঁটজঙ্গল চাপানো আছে। ঘরের ভিতরে কি কি সামগ্রী আছে, চোখ বুজে বলে দেওয়া যায়। দুচারটি মাটির শানকি, কানাভাঙা কালো রঙের একটি মাটির কলসি, একটি বা দুটি মাদুরের অবশেষের মধ্যে গুটিয়ে রাখা শতচ্ছিন্ন কাঁথা। মোটামুটি সামগ্রী এই।’

একাত্তর: করতলে ছিন্নমাথা বইয়ের প্রতিটি পর্ব শুরু করার সময় পাঠকের মনে হবে যেন কোনো গল্পের ভূবনে প্রবেশ করছেন তিনি। তাঁর বর্ণনার চমৎকারিত্ব এবং চরিত্র চিত্রণের দক্ষতা প্রতিটি পর্বে সৃষ্টি করেছে একেকটা অনবদ্য ছোটগল্পের আবহ। খালেদ রশীদ, রফি, মেডিক্যাল কোরের সেই পাকিস্তানী ডাক্তার কিংবা কিশোর মিখাইল বাস্তবের মানুষ হয়েও যেন গল্পের অমর চরিত্র। 

একাত্তরে মানুষের অবরুদ্ধ অস্তিত্ব, শ্বাসরুদ্ধকর পরিবেশ আর আটকা পড়া মানুষের আশ্চর্য্য পরিচয় পাওয়া যায় গ্রন্থের দুটো অধ্যায়ের একটিতে,  যেখানে লেখকের ভগ্নীপতি নড়াইল কলেজের প্রিন্সিপালকে ধরে নিয়ে যাওয়ার পরবর্তী ঘটনাগুলো আছে, অন্যটিতে, যেখানে খুলনা সার্কিট হাউসে পাকিস্তানী কর্ণেলের সাথে শহরের বুদ্ধিজীবীদের সাক্ষাতের  ঘটনাটা বর্ণিত। ভগ্নীপতিকে উদ্ধার করার জন্য খুলনা থেকে যশোর হয়ে নাভারন পর্যন্ত যাত্রাপথের বর্ণনা, যশোর ক্যান্টনমেন্টে কর্ণেলের সাথে সাক্ষাৎ-- পুরো সিকোয়েন্সের ভেতর একটা গল্পের পুষ্ট বীজ খুঁজে পাওয়া যায়। 

রাও ফরমান আলীর বুদ্ধিজীবী হত্যার ব্লুপ্রিন্টের মত ঘটনা হচ্ছে সার্কিট হাউসে পাকিস্তানী কর্নেলের সাথে সাক্ষাৎপর্বটি। জীবন—মৃত্যুর দোলাচলে এসে দাঁড়ানো নিরীহ মানুষগুলোর অবস্থার অসহায়ত্বের কথা হাসান তাঁর স্বভাবসুলভ ভঙ্গীতে দুটো বাক্যে নিপুণভাবে বলে দেন, ‘ঘরে আমাদের ঢোকাটা খুবই বিশৃঙ্খল হয়ে গেল। চৌকাঠের কাছে এসে হোঁচট খেলেন কেউ, দরজার  ভারী পর্দা জড়িয়ে গেল কারো পায়ে।’ ফাঁসিকাষ্ঠে নিয়ে যাওয়ার সময় অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর বেলায়ও নাকি এরকম ঘটে। 

রফি সম্পর্কিত লেখাটা কোনো এক বিশেষ সংখ্যা ‘সংবাদ সাময়িকী’তে যখন প্রকাশিত হয়, অনেকেই এটিকে হাসানের একটা ছোটগল্প বলে ভেবে নিয়েছিলেন। শেষে যখন হাসান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ‘না, রফির মা কখনো মঞ্চ ওঠেননি, একটিও ফুলের মালা তাঁর গলায় পরানো হয়নি। এক ইঞ্চি বাড়েনি তাঁর ভিটের সীমানা,’ তখন লেখার বক্তব্যটা চকিতে বাঁক নেয় নতুন এক মাত্রায়, মুক্তিযুদ্ধের মূল সুবিধাভোগী মধ্যবিত্তদের মুখ লুকানোর আর কোন জায়গা থাকে না তখন। 

টান টান পারিপার্শিক পরিবেশ এবং বিভৎস ঘটনাবলীর মাঝখানে হাসানের বিরল যে বৈশিষ্ট্য ফুটে ওঠে সেটা হচ্ছে তাঁর অকৃত্রিম এবং স্বকীয় রসবোধ যা বর্ণনার সিরিয়াস আবহকে কোনোভাবেই ঝুলিয়ে দেয় না। যেমন তাঁর কন্যার প্রতি এক ভারতীয় শিখ সৈনিকের স্নেহের বর্ণনা দিতে গিয়ে তিনি মন্তব্য করেন ‘এই বিবরণ আস্তে আস্তে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা মতো হয়ে যাচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই।’  অথবা মারকুটে বাস ড্রাইভারের বর্ণনা দিতে গিয়ে বলছেন, ‘ড্রাইভার ছেলেটিকে আমি চিনি, অসম্ভব বেপরোয়া। বাস সে রাস্তার বাইরে চালাতেই বেশী পছন্দ করে।’ 

আগেই বলেছি হাসান তাঁর পরিণত বয়সের কোনো স্মৃতিকথা লিখে যাননি, কেন, তার জবাব বোধকরি আজ আর কেউ দিতে পারবেন না। তাই চালচিত্রের খুঁটিনাটি আর ১৯৭১: করতলে ছিন্নমাথা নামের দুটো ক্ষীণকায় বই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আমাদের।