২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামাল আবু হামদান-এর মেঘ

ওর চেহারায় তখন ভীষণ রাগী একটা ভাব, কিন্তু খুবই মনমরা। আর অপর জন সম্মোহিতের মতন তার নিজের জায়গাতেই বসে রইল।

জামাল আবু হামদান-এর মেঘ
গিয়োর্গিও দি চিরিকোর চিত্রকর্ম

সোহরাব সুমন

Published : 17 May 2025, 12:47 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

জামাল আবু হামদান (১৯৪৪-২০১৫)

আম্মানে জন্মগ্রহণ করা জর্ডানের নাট্যকার ও ছোটগল্পকার জামাল আবু হামদান বৈরুতে অবস্থিত আরব বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে বিএ ডিগ্রী অর্জন করেন। পরে তিনি রয়াল জর্ডান এয়ার লাইনসে চাকুরী নেন। পরবর্তীকালে তিনি এই প্রতিষ্ঠানের সহকারী প্রধানের পদে পদন্নোতি লাভ করেন। তবে চাকুরীতে যোগদানের আগে তিনি বেশ কয়েক বছর সাংবাদিকতা করেন। বিশেষ করে তিনি জর্ডানের দু’টি প্রথম সারির পত্রিকা, আল-রা’ই ও আল-দুস্টুর-এ কাজ করেছেন। খুব বেশি না লিখলেও সত্তরের দশকে তার গল্প সংগ্রহ ‘মেনি সরোজ’ ও ‘গাজিলিস’ প্রকাশের পরপরই সাহিত্য সমাজে বড় ধরনের আলোড়ন তুলতে সক্ষম হয়। এই দু’টি গল্প সংগ্রহের প্রতীকায়িত গল্পসমূহে ফিলিস্তিন ও আরবের সামাজিক এবং রাজনৈতিক চিত্র অতি নিবিড়ভাবে চিত্রিত হয়েছে। তিনি চমৎকার অনেক নাটকও রচনা করেছেন। এগুলোর মধ্য থেকে ‘এ বক্স অব বিস্কিট ফর মেনি এনটইনিটি’ (১৯৬৮) এবং একাঙ্ক নাটক ‘দ্য নাইট অব বারিয়াল অব একট্রেস জেন’ (১৯৯২), এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার এই নাটকগুলো প্রোটা কর্তৃক অনূদিত হবার পর ২০০৩ এ ছোট নাটকের সংগ্রহ আকারে ছাপা হয়। তিনি শিশু কিশোরদের পাঠ উপযোগী গল্পও লিখেছেন। এপর্যন্ত তার একাধিক ছোটগল্প সংগ্রহ ছাপা হয়েছে। এর মাঝে, ‘এ প্লেস ফেসিং দ্য সী’ (১৯৯৩) এবং ‘সার্চিং ফর জিজিয়া’ (১৯৯৯) এর নাম বিশেষভাবে উল্লেখ করার মতো। এছাড়াও রয়েছে একটি বড় গল্প সংগ্রহ, ‘কিংডম অব দ্য এ্যান্টস’ (১৯৯৮)। ‘বিউটিফুল ডেথ’ (১৯৯৮) ও ‘প্লাকিং দ্য ওয়াইল্ড ফ্লাওয়ার’ (২০০২) শিরোনামে এপর্যন্ত তার দু’টি উপন্যাস ছাপা হয়েছে। তিনি জর্ডানের রাজধানী আম্মানে বসবাস করতেন। ১৯১৫ সালে তিনি আরকানসাসের ফেইটভিলে মৃত্যুবরণ করেন। এখানে প্রকাশিত গল্পটি কথাসাহিত্যিক ও অনুবাদ সোহরাব সুমন শেরিফ এলমুসা ও থমাস জি. ইজ্জি’র ইংরেজি অনুবাদ অনুসরণে বাংলায় তর্জমা করেছেন।

‘দেখেছ ওই যে ওখানে। কী সুন্দর!’ ওকে আমি বলি। কথাটা শুনে ও মাথা তুলে তাকাবার আগেই, আমি আবারও বলতে শুরু করি। ‘মানে বলতে চাইছি, ওই টুকরো মেঘটার ওপর আলোর খেলার কথা।’

ও ওই মেঘের উদ্ভাপের দিকে কিছু সময়ের জন্য তাকিয়ে রইলো। তারপর ও বলল। ‘জানো, তোমাকে আমার খুব হিংসে হচ্ছে!’

ওর মুখ থেকে আরোকিছু শোনার আশায় চুপ করে রইলাম।

‘কারণ আমার আগেই তুমি ওটা দেখে নিয়েছ।’ ও বলল।

‘কেউই তো আসলে মেঘের মালিক নয়।’ জবাবে আমি বললাম।

‘কথাটা মোটেই সত্য নয়। সুন্দর যে কোনোকিছুর মালিক আসলে সে-ই, যে ওটা প্রথমে দেখে।’

‘কথাটা মোটেই সত্য নয়। সুন্দর যে কোনোকিছুর মালিক আসলে সে-ই, যে ওটা প্রথমে দেখে।’

এবার সে বিছানা ছেড়ে ওই যুবতীর পাশে গিয়ে দাঁড়ায়। তারপর আবারও ওই টুকরো উদ্ভাপের দিকে তাকায়। কিন্তু মেয়েটা তা একেবারেই খেয়াল করে না। এবার সে ছেলেটার মুখের দিকে তাকায় কিন্তু কিছুই বলে না।

খানিক বাদে চাঁদ উঠল। আমি আশা করছিলাম ওদের মাঝে একজন অন্তত কিছু একটা বলবে। আমার মনে পড়ছিল, একবার ও আমাকে বলেছিলো, কেমন করে সে শহরের পশ্চিম দিগন্তে চাঁদ ডুবে যাবার আগ পর্যন্ত জোছনার আলোয় আরসব শিশুদের সঙ্গে খেলা করে। একরাতে ওরা খেলতে খেলতে উঁচু একটা দেয়ালের কাছাকাছি চলে আসল। তারপর তার পাশেই কিছু সময়ের জন্য খেলল। চাঁদটা যখন পশ্চিমে ডুবতে শুরু করে দিল, দেয়ালটার জন্য এক সময় চাঁদটাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। ওর ও অন্যসব শিশুদের তখনও চাঁদটাকে দরকার ছিলো বলে, ওরা তখন চারদিকে ছড়িয়ে পড়লো, এবং তারপর সেদিন সে আর কারো দেখাই পায়নি।

একটা দেয়াল এভাবে চাঁদটাকে ঢেকে দিতে পারে একথা কখনোই সে বিশ্বাস করতো না। কাঁটায় কাঁটায় চাঁদটা যখন দেয়ালের ওপাশে লুটিয়ে পড়তো, জগতটাকে তখন খুবই বিস্ময়কর আর দ্ব্যর্থক বলে মনে হত। আর তাই সে ঘরে ফিরে গিয়ে বসে রইলো... তবে চাঁদটা তখনও চলমানই ছিল। কিন্তু ওরা কেউ তা দেখতে পায়নি। মেয়েটা ছেলেটার কাঁধে হাত রেখে নিশ্চুপ দাঁড়িয়ে রইলো।

‘এখনও কিন্তু ও আমার সঙ্গেই আছে।’ কয়েক দিন আগে জলপাই পাহাড়ের সরু ঢালপথ বেয়ে নেমে আসার সময়, ছেলেটা এই কথাটা আমাকে বলেছিল। ‘শুধু ওর জন্যই আমি আজকে বাইরে বের হয়েছি।’ কথাটা শুনে আমি খানিকটা হাসলাম। ‘যেমন শহরের টানে মানুষ ঘর ছাড়ে।’ সে বলতে থাকে, ‘জানো! ওর বসবাস কিন্তু এই আমার ভেতরেই।’

আমরা তখন ছোট্ট নির্জন একটা চার্চের ভেতরে গিয়ে ঢুকলাম। তখনও কিন্তু ও কথা বলছিল। আর সেই কথাগুলো ও বলছিল একেবারে ফিসফিসিয়ে। কারণ, ওখানকার প্রতিধ্বনিগুলো ওকে ভয় পাইয়ে দিচ্ছিল। ‘ওই যে দেখো, এখান থেকে শহরটাকে কেমন অচেনা মনে হচ্ছে।’

বেগুনী রঙের ছোট্ট একটা কাঁচের জানালার পাশে আমরা দু’জনে তখন দাঁড়িয়ে ছিলাম।

‘চার্চগুলোতে ওরা সব সময় কেন এমন বেগুনী রঙের কাঁচ ব্যবহার করে?’ হঠাৎ-ই মেয়েটা জানতে চায়। কিন্তু আমরা দু’জনের কেউই ওর এই প্রশ্নের জবাব দেই না।

কিছুক্ষণ বাদে আমি একটা মন্তব্য করি। ‘আমি খেয়াল করে দেখেছি তোমার আঁকা কোনো ছবির মাঝেই বলতে গেলে একদমই কোনো বেগুনী রঙ নেই।’

‘নিজের জন্যে আমি সব সময় দুঃখের রঙ বেছে নিই।’ জবাবে ও বলে। তারপর খানিকটা থেমে আবারও ও বলে।

‘নিজের জন্যে আমি সব সময় দুঃখের রঙ বেছে নিই।’ জবাবে ও বলে। তারপর খানিকটা থেমে আবারও ও বলে। ‘এখনও তো আমি আমার সেরা ছবিটিই এঁকে উঠতে পারিনি।’

আমরা চার্চ ছেড়ে বাইরে বেরিয়ে আসি। বাড়ির পথ ধরে তখনও আমরা নীচের দিকে নামছি। পাহাড়ের ঢালে আরেকটা চার্চের পাশদিয়ে আসার সময় ভেতর থেকে কেউ একজন ওকে অভিবাদন জানাল। লোকটা একেবারে গেটের কাছে চলে আসল। সে ওখান থেকে একটা ফুল তুলে নিল। তারপর ওটা এনে মেয়টার হাতে গুঁজে দিল। পরে পাশাপাশি হাঁটতে হাঁটতে, সে ওর খুব কাছাকাছি চলে আসল। তখন ওর মুঠোয় থাকা ফুলটাসহ, শক্ত করে সে ওর হাতটা আঁকড়ে ধরল। আমি তখনও ওদের সঙ্গেই হাঁটছিলাম।

দেয়ালের কাছটায় এসে সে আমাকে জিজ্ঞেস করলো। ‘তুমি কি জানো ঠিক কখন এই দেয়ালটা তোলা হয়েছিল?’

আমি আলতো করে মাথা ঝাঁকালাম।

‘এটা জানো কি এই শহরটা যে এক সময় খুবই ছোট ছিল?’ এভাবে আবারো সে আরো একটা প্রশ্ন ছুঁড়ে দিল। পাখির ছানার মতো তখন ও তাকে আঁকড়ে ধরে ছিল। আমি ওদের দু’জনকে এক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছিলাম। ‘ঠিক মায়ের মতন ঘ্রাণ। একেবারেই আলাদা।’ সে বলল। ‘এই শহরটা আর আমার মায়ের শরীরের একই ঘ্রাণ।’

আমরা তখনও আপন মনে হাঁটছিলাম।

পরদিন আমি একাই ওখানটায় চলে এলাম।

খানিক বাদে ওরা দু’জনে একসঙ্গে হাত ধরাধরি করে এসে হাজির হলো। ভেতরে ঢোকার সময় আমরা একে অপরকে অভিবাদন বিনিময় করিনি। খুব একটা কথাও হয়নি আর। পরের দিনগুলোতে আমি আর ওদের একটাও প্রশ্ন করিনি। ওদের ওই জগতটা এতটাই ভঙ্গুর ও ঠুনকো ছিল যে কিছুতেই তা আরো একটা প্রশ্নের ভার বইতে পারতো না...

সকাল বেলা হঠাৎই আমার মনে পড়ে, আজকে ওদের প্রথম সাক্ষাতের হবার এক বছর পূর্ণ হলো। দিনটা ওদের বেশ ঘটা করে উদযাপনের কথা ছিল। কিন্তু আজ দেখছি ওদের কেউই এ ব্যাপারে টু’শব্দটি পর্যন্ত করছে না। একটা সুরাহী এনে আমি ওদের মাঝে রেখে দিলাম। তারপর, পাশের ঘরে আমার কিছু কাজ আছে এই অজুহাতে ওখান থেকে চলে এলাম। এতে করে ভেতরে ভেতরে কেমন যেন একটা শান্তি অনুভব করছিলাম। আমার ধমনীতে এমন করে রক্ত বইছিলো যেনো তা কখনোই আমার নিজের নয়। কেননা আমার কেবলই মনে হচ্ছিলো, এরই কোনো ছিদ্রের মাঝদিয়ে ওদের জগতটা হয়তো আবারও ফিরে আসবে। নিজেকে আমি সুখী অনুভব করছিলাম।

ওদের আমি আর কিছুই বলতে শুনিনি। তারপর ওখানে, আর সব নীরবতা ভেঙ্গে, একের পর এক শুধু কাঁচ ভাঙ্গার শব্দ শুনতে পাই।

আমি এসে দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। বেরিয়ে আসার পথে দূরের কোণটায় ঠেস দিয়ে ও বসে ছিলো। ওর চেহারায় তখন ভীষণ রাগী একটা ভাব, কিন্তু খুবই মনমরা। আর অপর জন সম্মোহিতের মতন তার নিজের জায়গাতেই বসে রইল। যেন পৃথিবীর দুই মেরু হতে রশি দিয়ে শক্ত করে ওখানটায় তাকে টানটান বেঁধে রাখা হয়েছে... বাকীটা বলতে কেন যেন আমার ভয় হচ্ছে।

সুরাহীটা ভেঙ্গে চুরমার হয়ে সমস্ত মেঝেতে বিছিয়ে আছে। বলতে গেলে, ওদের দু’জনের মাঝের জায়গার অর্ধেকটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ওর টুকরোগুলো। আমি দীর্ঘ সময় ধরে ওদিকে তাকিয়ে রইলাম। আসলে ওদের কেউই ওটা ভাঙ্গতে চায়নি। ভাঙ্গা ওই টুকরোগুলো এমনভাবে বিছিয়ে ছিলো যেন ওগুলো নিজের ইচ্ছেতেই ওখানে ওই মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আমি তার দিকে তাকালাম। সে কোনোকিছুই বলার ইচ্ছে প্রকাশ করলো না। তবে যখনই আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে ওর দিকে চাইলাম, ঠিক সেই মুহূর্তে সে মাথা ঝাঁকালো। আর আপন মনে বলে উঠল। ‘কিন্তু আমরা তো এখন আম্মানে আছি! জেরুসালেমে নই!’

আমি বুঝতে পারলাম, হায়, খোদা! আমার ভয় হচ্ছিল সেই মুহূর্তে হয়তো আবারো ওরা তেমন চরম আর বিক্ষত হয়ে উঠবে। যাতে আমি বুঝতে পারি কোন গর্হিত তলভূমিতে ভাঙ্গা ওই সুরাহীটা পড়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে।

এরপর আমি মুখ খুলে কিছুই আর বলতে পারিনি। শুধু চুপচাপ নিঃশব্দে চলে আসি।