বহ্নিশিখা নাটকটি শুরু হয়েছিল নির্ধারিত সময়ের এক মিনিট পর!
এছাড়া আরও উল্লেখযোগ্য ছিল মদ্যপানরত সমাজপতিদের আসরে কথক নৃত্যশিল্পী তোরসা ভট্টাচার্যের একক নাচের মূর্ছনা। পূর্বজন্ম ধারণাটি বিজ্ঞানসম্মত না হওয়ায় এর মাধ্যমে রাজা রামমোহন রায়ের মতো এক বাস্তবাদী মহাপুরুষকে ইতিহাসের পাতা থেকে তুলে আনার কৌশলটি নাটকের মূল বক্তব্যের সাথে সাংঘর্ষিক বলে মনে হতে পারে।
‘বহ্নিশিখা’ ড. অনুতোষ সাহার এক অনুপম সৃষ্টি। বিদেশে আসার পূর্বে তিনি ‘ঢাকা থিয়েটার’ এর একজন সফল অভিনেতা ও নাট্যশিল্পী ছিলেন। এ ছাড়াও ‘একাত্তর’, ‘সোজন বাদিয়া ঘাট’, গুপী বাঘা ইন, এবং ‘এখানে আমরা’ সহ যুক্তরাষ্ট্রে তিনি বেশ কয়েকটি নাটক রচনা পরিচালনা ও মঞ্চস্থ করে সুনাম কুড়িয়েছেন। ওয়াশিংটন ডিসি এলাকায় ‘কালচারাল ক্রিয়েশন’ এর ব্যানারে সৃষ্ট ও মঞ্চায়িত তাঁর তৃতীয় ও সর্বশেষ অবদান হচ্ছে বহ্নিশিখা। লিখেছেনও নিজেই। ডিসেম্বরের ৫ তারিখ শুক্রবার রাতে প্রথমবারের মতো মঞ্চস্থ হলো এই এলাকায় মেরিল্যান্ড রাজ্যের রকভিল শহরের জুইস কমিউনিটি সেন্টারের বেন্ডার অডিটরিয়ামে।
আমি নাটকের বা প্রচুর নাটক দেখা লোক নই। কাজেই নাটকের বস্তুনিষ্ঠ সমালোচনা আমার কাজ নয়, সাজেও না। কিন্তু দর্শক হিসাবে নিজের অনুভূতি প্রকাশের অধিকার নিশ্চয়ই আছে। এখানে তাই করছি।
এই এলাকায় বাংলাদেশিদের এ ধরণের আয়োজন শুরু হয় প্রচারকৃত নির্ধারিত সময়ের কমপক্ষে তিরিশ থেকে ষাট মিনিট পর। এখানে সবাই পেশাগত ও সাংসারিক কাজে ব্যস্ত থাকেন বিধায় বাঙালির এই চরিত্রটি অত্যন্ত বিরক্তিকর! আয়োজকরা পরিচিত হলে আগেই জানিয়ে রাখেন, ‘সময় পাঁচটা লিখেছি, তবে তখন তো শুরু করতে পারবো না, আপনি ছ’টাতেই আসুন’। আজকের নাটকটি একজন বাংলাদেশি দ্বারা পরিচালিত হলেও তাঁর দলে অনেক ভারতীয়ও আছে জানা থাকায় এতোটা বিলম্ব হবে না জানতাম। অডিটরিয়ামে অন্যান্য দর্শকের সাথে নিশ্চিন্তে উচ্চস্বরে কুশল বিনিময় করছিলাম। হঠাৎ আলো নিভে যাওয়ার সাথে হলের গুঞ্জন কমে এলে মঞ্চে তাকাতেই মাইক্রোফোন হাতে দুই মহিলার দিকে চোখ পড়লো। একজন কথা বলা শুরু করতেই হাতে ধরা সেলফোনে দেখলাম সময় রাত ৭টা ৪৬ মিনিট। পাশের দর্শককে বললাম, এক মিনিট লেট! তিনি বললেন, লেট নয়, বক্তারা স্টেজে এসেছেন কিছুক্ষণ আগে। আমার ভুল বুঝতে পেরে একজন বাংলাদেশি হিসাবে আয়োজক ড. অনুতোষ সাহার প্রতি কৃতজ্ঞতাবোধ করলাম।
নাটকের ছিল দুটি বক্তব্য। প্রথমত অভিবাসী পরিবাররা এদেশের আধুনিক বাস্তবতাকে উপেক্ষা করে দেশ থেকে বয়ে আনা তাঁদের মূল্যবোধকে সন্তানদের ওপর চাপিয়ে দেয়। এর ফলশ্রুতিতে দ্বিতীয় বক্তব্যটি হচ্ছে আধুনিক সামাজিক সমস্যা যে প্রাচীন সমস্যারই ধারাবাহিকতা তা অনুধাবন করতে না পেরে তার সমাধানকে বাধাগ্রস্ত করে। নাট্যকার এই দুটি বক্তব্যকে একত্রে গেঁথেছেন দুই প্রজন্মের দ্বন্দকে একত্রে উপস্থাপন করে, অতীত ও বর্তমান এবং দুই ভৌগলিক বাস্তবতাকে একই মঞ্চে পাশাপাশি স্থাপন করে। তা করেছেন আধুনিক ভিডিওগ্রাফির সাথে চিরাচরিত মঞ্চনাটকের সংমিশ্রণে। উপকরণ হিসাবে বেছে নিয়েছেন প্রাচীন ভারতের সতীদাহ সমস্যার সাথে বর্তমান যুগের নারীর অমর্যাদা ও অসাহয়ত্বকে। ফলে আমরা বর্তমানে বসে ভুলতে বসা ইতিহাসের যুগপুরুষ রাজা রামমোহন রায়ের জীবনী এবং কর্মজীবনকে জীবন্ত করে তোলা নাটকটি উপভোগ করলাম। একে বর্তমানের সাথে অতীতের মেলবন্ধনও বলা যায়।
নাটকের গল্পটি এরকমঃ যুক্তরাষ্ট্রের আর দশটি সন্তানের মতোই এক অভিবাসীর কিশোরী কন্যা বেড়ে উঠছিল। কিন্তু হঠাৎ করেই সে দাবি করতে থাকলো যে সে বেড়ে উঠেছে এমন এক জায়গায় যা শুধু প্রাচীন ভারতের গ্রামাঞ্চলেই সম্ভব। খোঁজ করলে দেখা যায় সেই স্থানটি পশ্চিম বঙ্গের হুগলী জেলায় রাজা রামমোহন রায়ের জন্মস্থান। মা ওর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বলে বিশ্বাস করলেও মনোবিজ্ঞানী চিকিৎসক বললেন মেয়েটি হয়তো তাঁর পূর্বজন্মের কোনো স্মৃতির কথা বলছে। (প্রধাণত হিন্দু ধর্মাবলম্বীরা পূর্বজন্মে বিশ্বাস করে।) তিনি আরও বললেন বৈজ্ঞানিক কোনো ভিত্তি না থাকলেও এ ধরণের প্রাচীন স্মৃতির দাবিদারদের সংখ্যা বেড়েই চলেছে। কাজেই মস্তিষ্ক বিকৃতি না ভেবে এবং মেয়েটির কথাগুলোকে উড়িয়ে না দিয়ে ওর কথার অর্থ বোঝার চেষ্টা করা উচিৎ।
পরিবার তাতে কর্ণপাত না করলে কন্যাটি বড় হয়ে স্বামীসহ নিজেই কলকাতা হয়ে হুগলী জেলার রাধানগর গ্রামে গিয়ে উপস্থিত হয়। সেই গ্রামে তাঁর স্বপ্ন-স্মৃতিতে গেঁথে থাকা রাজা রামমোহন রায়ের জন্মস্থান বাড়িটি বর্তমানে জাদুঘরে রূপয়ান্তরিত হয়ে ঐতিহাসিক দিনক্ষণ সহ ইতিহাস সংরক্ষণ করে রেখেছে। নাটকে দেখতে পাই বর্তমানের এই কন্যাটিই অতীতের রামমোহন রায়ের পরম শ্রদ্ধার বৌদি, যিনি অপরিণত, অনেকটা শিশু বয়সেই গৃবধু হয়ে এই বাড়িতে এসেছিলেন। মৃত স্বামীর সাথে সহমরণে চিতায় আরোহন করে তিনি তৎকালীন ধর্মীয়-সামাজিক প্রথার বলি হয়েছিলেন। বর্তমানের কন্যার অভিনয় ও অভিব্যক্তিতে এবং মঞ্চসজ্জা ও নৃত্যগীতের সমাহারে শৈল্পিকভাবে ফুটে ওঠা রোমহর্ষক ও ঘৃণিত সেই ঘটনাটি নাটকের সবচেয়ে সফল একটি দৃশ্য বললে অত্যুক্তি হবে না। বিশেষ করে আগুন ছাড়াই জ্বলন্ত চিতার শিখা, ধোঁয়া এবং পোড়া কাঠের ভঙ্গাংশের দৃশ্যটি অত্যন্ত বাসবসম্মত বলে মনে হয়েছে।
রাজা রামমোহন রায় তৎকালীন আধুনিক ও সব ধর্ম অধ্যয়ন করে একেশ্বরবাদ প্রচার শুরু করলে তিনি তাঁর হিন্দু ধর্মালম্বী পিতা, মাতা এবং সমাজপতিদের দ্বারা সমাজচ্যুত হন। স্বল্পশিক্ষিত ও পার্থিব আয়েশে মত্ত ধনাঢ্য সমাজপতিদের দ্বারা নিগৃহীত হন। তা সত্ত্বেও রবীন্দ্রনাথের পিতা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশব সেনের মতো মহাপুরুষদের সাথে মিলিত হয়ে এক ঈশ্বরে বিশ্বাসী ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠা করেন। তাঁদের সহায়তায় তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান এবং আজ থেকে ১৯৬ বৎসর পূর্বে, ১৮২৯ সালে সফলও হন।
নাটকে তাঁর জীবনী পর্ব শেষ হলে আধুনিক কন্যার মুখে শুনতে পাই নারী অধিকার ও মর্যাদা রক্ষার জন্য রাজা রামমোহন রায়ের সংগ্রাম ও সফলতাটি ছিল সবেমাত্র শুরু। পৃথিবীতে এখনও লক্ষ লক্ষ নারী ধর্ষিত হচ্ছে, পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে, করছে মানবেতর জীবন জাপন। এর প্রতিকারের জন্য তাঁর মতো প্রবাসের দ্বিতীয় প্রজন্মের সন্তানরা ‘আমি কে’ নামের প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যার সম্পর্কে অভিবাসী পিতা-মাতারা একেবারেই সন্দিহান! এই পর্বটি দৃশ্যায়নের সাথে জুড়ে দেয়া কাজী নজরুল ইসলামের ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ গান, সাতজন শিল্পীর সম্মিলিত নাচ এবং মোহনীয় আলোকসম্পাত আধুনিক কন্যার দৃঢ়তার প্রতীক হয়ে এক শিহরণ-জাগানিয়া আবহ সৃষ্টি করেছিল।
নাটকের প্রধান, আধুনিক নারী অহনা, পূর্বজন্মে যে ছিল রাজা রামমোহন রায়ের বৌদি অলোক মঞ্জরীর চরিত্রে অভিনয় করেছেন ভাবনা সেনগুপ্ত। তাঁর কণ্ঠে দুই সময়কালের উপযোগী বাক্য ও উচ্চারণ, বিশেষ করে এদেশে জন্ম ও বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মের কিন্তু দর্শকের বোধ্য ভাষা খুবই বাস্তবসম্মত হয়েছে। সমাজে নারী অধিকার প্রতিষ্ঠায় তাঁর আকুল আবেদন এবং আগুনে পুড়ে মরার যন্ত্রণার অভিব্যক্তি ছিল সুস্পষ্ট।
মাসুদ হাসান অভিনীত রাজা রামমোহন রায়ের পিতা রামকান্তি রায়ের চরিত্রটি ছিল সবচেয়ে বলিষ্ঠ, বয়স্ক কিন্তু প্রাণবন্ত। তিনি আমার বন্ধুস্থানীয়। তাঁর স্বভাবজাত বরিশালের আঞ্চলিক ভাষাকে আড়াল করে পশ্চিমবংগীয় উচ্চারণ কীভাবে রপ্ত করলেন তা অনেকেরই গবেষণার বিষয়। পরদিন ফোনে জিজ্ঞেস করলে জানালেন ব্যাপারটি আসলেই কষ্টসাধ্য ছিল, ছয় মাস ধরে সপ্তাহে ২/৩ দিন রিহার্সেল দিয়েছেন।
রাজা রামমোহন রায়ের চরিত্রে অভিনয় করেছেন আকম খায়রুজ্জমান লিটন। তিনি জাহাংগিরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সমাজ সচেতন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বয়সে ঢের ছোটো হলেও সামাজিকভাবে তিনিও আমার অতি পরিচিত। তিনি এই নাটকে অভিনয় করছেন জানা ছিল না। তাঁর পোষাক, দেহভঙ্গি ও উচ্চারণ এতোই ভিন্ন ছিল যে মঞ্চায়নের পরদিন জানতে পারলাম শ্রদ্ধাস্পদ ব্যক্তির চরিত্রটি ছিলেন তিনি।
রামমোহনের মা তারিনী দেবীর চরিত্রে অভিনয় করেছেন শুক্লা বিশ্বাস। হিন্দুধর্ম অনুযায়ী স্বগৃহের বিগ্রহ পূজায় অবিচল এই নারী বয়স অনুযায়ী গাম্ভীর্য ধরে রেখেছেন পুরোটা সময়। ধর্ম অবমাননার দায়ে পিতৃত্যাজ্য পুত্রকে সম্পত্তির অধিকার বঞ্চিত করতেও পিছপা হননি। তাঁর অবিচলতায় পুত্রবধূ অলক মঞ্জরীকে (ভাবনা সেনগুপ্ত অভিনীত) মৃত স্বামীর সাথে জ্বলন্ত চিতায় আরোহনে বাধ্য হন। একজন মাতৃস্থানীয় নারী হয়ে এতোবড় নৃশংসতা দেখিয়ে দর্শকচিত্তে যন্ত্রণা সৃষ্টি করলেও অভিনয়ে নিপুণতার জন্য শুক্লা বিশ্বাস দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
অহনার ইতিহাসবিদ মামার চরিত্রে অভিনয় করেছেন রানা সিনহা। তিনি অহনার পূর্বজন্ম-স্মৃতিকে ইতিহাস ও ঐতিহাসিক স্থাপনার সম্পর্ক খুঁজে পেয়েছিলেন। উপরন্তু তাঁর মুখেই আমরা রাজা রামমোহন রায়ের পূর্ণ জীবনী সম্পর্কে জানতে পারি। ভিডিও দৃশ্যে এবং তাঁর মুখে আরও জানতে পারি হিন্দু, মুসলমান ও খৃস্টিয় স্থাপত্যের সংমিশ্রণে রামমোহন রায় স্মৃতি জাদুঘরের নক্সা তৈরী করেছিলেন আর কেউ নন, স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আট দশটি গম্বুজাকৃতির খিলান-যুক্ত মুসলিম স্থাপত্যের নিদর্শন হয়ে সবচেয়ে বড় ভবনটি আজও তা প্রচার করছে।
এছাড়া আরও উল্লেখযোগ্য ছিল মদ্যপানরত সমাজপতিদের আসরে কথক নৃত্যশিল্পী তোরসা ভট্টাচার্যের একক নাচের মূর্ছনা। পূর্বজন্ম ধারণাটি বিজ্ঞানসম্মত না হওয়ায় এর মাধ্যমে রাজা রামমোহন রায়ের মতো এক বাস্তবাদী মহাপুরুষকে ইতিহাসের পাতা থেকে তুলে আনার কৌশলটি নাটকের মূল বক্তব্যের সাথে সাংঘর্ষিক বলে মনে হতে পারে। মঞ্চসজ্জায় দৃশ্য উপযোগী আসবাবের সাথে পেছনের পর্দায় প্রেক্ষিপ্ত দৃশ্যাবলী সত্যিকারের ত্রিমাত্রিক আবহ সৃষ্টি করেছিল। মঞ্চনাটকে আধুনিক অডিওভিস্যুয়াল প্রযুক্তির ব্যবহার সাম্প্রতিক, বছর আট আগে কেনেডি সেন্টারে প্রথম দেখেছিলাম। বহ্নিশিখায় তা দেখানো হয়েছে স্বামীসহ অহনার কোলকাতা ও রাধানগর গ্রামে যাবার এবং রাজা রামমোহন রায়ের জন্মস্থান-জাদুঘরের দৃশ্যে। নাটকের জন্য সুদূর ভারতে লোক পাঠিয়ে এই দৃশ্যধারণ এক বাংলাদেশি পরিচালকের পক্ষে কাজটি সত্যিই প্রশংসনীয়। তা সত্ত্বেও এই অংশটুকু আরও উন্নত করা যেতো বলে মনে হয়েছে। অপারেটারের অসাবধানতায় বার দুয়েক মাইক্রোফোনে পর্দার অন্তরালের কথা ও কাশির শব্দ ছাড়া শ্রুতিগত ত্রুটি বিশেষ কানে বাজেনি।
সব মিলিয়ে নাটকটি আমার কাছে অত্যন্ত উপভোগ্য ছিল। প্রতিটি দৃশ্যের পরম্পরা এবং উপযোগী নৃত্যগীতের ব্যবহার রাজা রামমোহন রায়ের জীবনী ও কাজকে শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হলভর্তি দর্শকের মুহূর্মুহ করতালিতে তা আরও প্রস্ফুটিত হয়ে ওঠে।
নাটকের সমাপ্তির সাথে সাথে নাট্যকার ও পরিচালক অনুতোষ সাহা মঞ্চে প্রবেশ করলেন। মোট ২৭ জন আভিনেতা-অভিনেত্রী এবং ২২ জন নৃত্য ও কণ্ঠশিল্পীদের পরিচয় করিয়ে দিলেন। এরা ছিলেন নেপথ্যে বিভিন্ন অত্যাবশ্যকীয় দায়িত্ব পালন করা অতিরিক্ত প্রায় ৩৫ জনের বাইরে। দৃশ্য থেকে দৃশ্যান্তরে ছুটে চলা নাটকে শিল্পী-বহরের এই বিশালত্বকে অনুভব করতে না পারলেও এক্ষণে তিন বা চার সারিতে সবাই এক মঞ্চে দাড়ানোর ফলে আমার মনে ভিন্ন এক চিন্তার উদ্রেক হলো। স্ব স্ব পোষাক, ডায়ালগ, অভিব্যাক্তির প্রকাশে নিয়োজিত বিভিন্ন বয়স ও ভাষাভাষীর মোট ৪৯ জন অভিনেতা-অভিনেত্রীকে পরম্পরা সাজিয়ে ঘড়ির কাঁটা ধরে তিনঘণ্টা যাবত সুচারুরূপে অভিনয় করানো কীভাবে সম্ভব? বিশ্ববিখ্যাত পেশাদার নাট্য ও অপেরা দলদ্বারা নিউইয়র্কের ব্রডওয়ে থিয়েটারে এবং ওয়াশিংটন ডিসি’র কেনেডি সেন্টারে পরিবেশনা দেখার সময় তা মনে এলেও বিষ্মিত হইনি। কিন্তু বিত্তহীন ও প্রাত্যহিক জীবিকার্জন ও শিক্ষায় নিয়োজিত বাঙালিদের বেলায়?
নাটক দেখার পরদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাইদের আরেক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিচালক অনুতোষ সাহার সাথে দেখা হলে উপরোক্ত প্রশ্নটি করেছিলাম। তিনি জানালেন এর পেছনে ছিল এবছর ফেব্রুয়ারিতে শুরু করা সাপ্তাহিক রিহার্সেল চালু রাখতে তাঁর স্ত্রী রিংকু সাহার পরিশ্রম। শুধু তাই নয়, এই বিশাল বহরের আপ্যায়নের দায়িত্বেও ছিলেন তিনি। তবে অভিজ্ঞ অনেক অভিনেতা অভিনেত্রীর রিহার্সেলের অনেকটাই অনলাইনে যুম-এ করা সম্ভব হয়েছিল বলে প্রতিবার ব্যক্তিগতভাবে মিলিত হওয়ার প্রয়োজন পড়েনি। নাটকটি শেষ হয়েছিল শুরুর নির্ধারিত তিন ঘণ্টা পর, ঘড়ি ধরে রাত ১০টা ৪৫ মিনিটে। আমি একজনের কাছে মন্তব্য করেছিলাম, এটমিক ঘড়ির কাঁটার সাথে মিলিয়ে!
পাত্রপাত্রীদের পরিচয় পর্ব শুরুর পূর্বমুহূর্ত পর্যন্ত নাট্যকার ও পরিচালক অনুতোষ সাহার টিকিটিও কেউ দেখতে পায়নি। আমার পরিচিত বলে, দৃশ্যান্তরে অন্ধকার মঞ্চে দ্রুত চলাফেরার অবয়ব দেখে ওকে ঠাহর করতে পেরেছিলাম। যাই হোক এই পর্বে যা লক্ষণীয় ছিল তা হচ্ছে শুরুতে একটিমাত্র বাক্যে নিজের পরিচয় দেয়া ছাড়া তিনি নিজের মাহাত্ম্য প্রচার করেননি, যা পুরোপুরি বাঙালির স্বভাব বিরুদ্ধ! নিতান্ত দৃষ্টিকটু বিধায় সহকারী ও সহযোদ্ধাদের মঞ্চে ডাকলেও আমরা সাধারণত তাঁদের অবদানকে যথাযথভাবে তুলে ধরি না। কিন্তু এক্ষেত্রে তা ছিল ভিন্ন। নিজেকে অন্ধকারে রেখে অপরের প্রতি আলোকপাত করার এই মহৎ প্রচেষ্টাটি নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
বলা হয়ে থাকে নাটক মঞ্চায়নের প্রধান দুটি উপাদানের একটি হচ্ছে দর্শক। দর্শক ছাড়া মহড়া হয় কিন্তু মঞ্চায়ন হয় না। আজকের এই দর্শকদের সম্পর্কে কিছু না বললেই নয়। সব সময় ঘাড় উঁচু করে থাকতে হয় বলে আমি অডিটরিয়ামে কখনও প্রথম সারিতে বসে অনুষ্ঠান দেখতে চাই না। তৃতীয় বা চতুর্থ সারিই আমার পছন্দ। তা জানালে অনুতোষ বলেছিল নাটকটি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হলেও আধা ঘণ্টা আগে, সোয়া সাতটাতেই আসন গ্রহণের জন্য দরজা খুলে দেওয়া হবে। বাঙালিদের সময়জ্ঞানের কথা ভেবে ধরে নিয়েছিলাম সাড়ে সাতটার আগে পৌঁছালে আমরা পছন্দের দুটি সিট ঠিকই পেয়ে যাবো। কিন্তু পৌছালাম আরও পনেরো মিনিট আগে, সোয়া সাতটায়। কিন্তু এ কী! পার্কিং লটে তো একটি স্পটও খালি নেই! অনেকটা দূরে, পাশের পার্কিং লটে গাড়ি রাখতে হলো।
লবিতে লোকজনের স্বল্পতা দেখে ভাবলাম আমরা হয়তো সবার আগেই পৌঁছে গেছি। কিন্তু ভেতরে ঢুকতেই বুঝলাম পার্কিং লট ভর্তি থাকার অর্থ। চারিদিকে চোখ বুলিয়ে মনে হলো ৩০০ আসন অডিটোরিয়ামের নব্বই শতাংসের বেশি আসন ১২-১৪ থেকে ৭০-৮০ বছর বয়স্ক নারী-পুরুষের দখলে। অথচ প্রবেশমূল্য ছিল আসনপ্রতি ৫০ ও ২০ ডলার! বাঙালি চরিত্রের এই পরিবর্তন দেখে আনন্দিত হলেও আশ্চর্য হয়েছিলাম। তবে এদের অধিকাংশই ছিল ভারতীয় বাঙালি। অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত সবাই নিজ নিজ আসনে নিঃশব্দে বসে রইলো। এ থেকে অত্র এলাকার দর্শকদের উন্নত সাংস্কৃতিক মান সম্পর্কে যেমন ধারণা করা যায়, নাট্যকার ও পরিচালক অনুতোষ সাহার সক্ষমতার প্রতি তাঁদের গভীর আস্থা সম্পর্কেও একই কথা সত্যি হতে পারে।
৮ই ডিসেম্বর, ২০২৫
