২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিকভাবে বিপর্যস্ত দশ জন দিপ্তীমান লেখক

পাঁচ জন পরিচারক তাকে তার নিজের চোখ তুলে ফেলা থেকে আটকিয়েছিল।

মানসিকভাবে বিপর্যস্ত দশ জন দিপ্তীমান লেখক
শিল্পী এগন শিল-এর চিত্রকর্ম

নীলিমা রশীদ তৌহিদা নীলিমা রশীদ তৌহিদা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 12:55 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

একজন লেখকের জীবন--বিশেষ করে কল্পকাহিনীর লেখকের--অবধারিতভাবেই আমাদের চৈতন্য নামক  সবচেয়ে বিপজ্জনক বিষয়ের সাথে জড়িত।  সৃজনশীল সাহিত্যের অনুসন্ধানী প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রজাতি হিসেবে রোমাঞ্চকর সব সম্ভাবনা ও বিধ্বংসী পরিণতির সংস্পর্শে আসি। তবে যত সুবিশাল উপায়েই লেখকরা খ্যাতি অর্জন করুক না কেন, এর বিপরীতে অনেক অজানা, অগ্রহনযোগ্য ও পাগলাটে অনেক কিছুর সাথে বিপজ্জনক এক সম্পর্কও থাকে।

 লিও তলস্তয়

সাহিত্যের প্রধান দুটি গ্রন্থ War and Peace ও Anna Karenina —এর লেখক লিও তলস্তয় গভীর ও বিস্তৃত কাহিনী সৃষ্টির জন্য পরিচিত যেখানে শতাধিক চরিত্র ছিলো। এটা হলো মানব প্রকৃতির কঠিনতর প্রশ্নগুলোর সাথে সংগতি স্থাপনের সময় অন্তরজগতের যে দ্বিধাদ্বন্দ তিনি অনুভব করেছেন তার থেকে পালানোর একটি উপায়। তলস্তয় প্রায়ই ক্রমশ গুরুতর, ও শ্বাসরুদ্ধকর হতাশাগ্রস্ত পরিস্থিতিতে ভুগছিলেন। এবং অবশেষে তার দীর্ঘ জীবনের তিরাশি বছর বয়সে তিনি একজন ভ্রাম্যমান যোগী হওয়ার সিদ্ধান্ত নেন। দুঃখজনকভাবে, নির্জন একটি রেলস্টেশনে পৌঁছানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এর একটু পরেই নিউমোনিয়ায় মারা যান।

 জনাথন সুইফট

অন্যান্য অ্যাংলো-আইরিশ লেখকদের মধ্যে Gulliver’s Travels ও A Modest Proposal নামক দুটি চিরায়ত গ্রন্থের রচয়িতা জনাথন সুইফট এমন একটি জীবন অতিবাহিত করেছেন যেখানে একটা দীর্ঘ সময় ধরে তিনি ধীরে ধীরে মানসিক বিপর্যয়ের দিকে ধাবিত হয়েছিলেন। আসলে, উইল ডুরান্ট লিখেছিলেন, ‘’১৭৩৮ সালে পাগলামির নির্দিষ্ট লক্ষণ দেখা দিয়েছিল”, কিন্তু কবে তার পাগলামির সীমা অতিক্রম করেছেন তা নিয়ে কোনো সর্বসম্মতি নেই। তবে এটা নিশ্চিত যে, ১৭৪২ সালের মধ্যে তার মানসিকতা সকল বিচারশক্তি ও স্থিতিশীলতার সীমা অতিক্রম করে গিয়েছিল। উদাহরণস্বরূপ ডুরান্ট বর্ণনা করেন, “পাঁচ জন পরিচারক তাকে তার নিজের চোখ তুলে ফেলা থেকে আটকিয়েছিল।“ এ ঘটনার পর তিনি সারাবছরের জন্য নিশ্চুপ হয়ে যান।

 ফিলিপ কে. ডিক

১৯৭৪ সালের ফেব্রুয়ারির শেষের দিকে, বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক, ও অতিমাত্রায় অ্যাম্ফিটামিন ব্যবহারকারী ফিলিপ কে. ডিক, তার একটি আক্কেল দাঁত অপসারণের পর বাড়িতে বিশ্রাম নেবার সময়, তিনি কিছু শক্তিশালী মনস্তাত্ত্বিক দর্শনের সম্মুখীন হন যা পরবর্তী মাস জুড়ে চলতে থাকে--যা স্পষ্ট জ্যামিতিক প্যাটার্ন ও ধর্মীয় চিত্রকল্পের মিশ্রণ ঘটিয়ে ধর্মীয় ও সাহিত্যিক ইতিহাসের নতুন ও অন্তর্দৃষ্টিপূর্ণ ব্যাখ্যা তৈরি করে। এ অভিজ্ঞতার সূত্রপাত সম্পর্কে ডিক বলেন, “এক অতীন্দ্রিয় যুক্তিসঙ্গত মনের দ্বারা আমি আমার মনে এক ধরনের আক্রমণের সম্মুখীন হয়েছিলাম; যেন সারাজীবন ধরে আমি পাগল ছিলাম এবং হঠাৎই আমি সুস্থ হয়ে গেছি।” তিনি আরও দাবি করেন যে, তিনি একটি দ্বৈত জীবন যাপন শুরু করেন। যার একজন ছিল প্রাচীন রোমের নিপীড়িত খ্রিষ্টান। তার জীবনের এ সময়কালই Radio Free Albemuth ও VALIS ত্রয়ীর মতো রচনাকে অনুপ্রাণিত করেছে।

এইচ. পি. লাভক্রাফট

ভৌতিক, অলীক, ও বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক এইচ. পি. লাভক্রাফটের মানসিক অবস্থার কারণ অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয়ই ছিল।  তিনি একটি ট্রমাটিক ঘুমের ব্যাধিতে ভুগছিলেন যেটাকে এখন বিরল প্যারাসমনিয়া  বা রাতের আতঙ্ক বলে মনে করা হয়। রাতের এ অস্থিতিশীলতার পাশাপাশি তার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল। যার ফলে তার পরিবারের জীবন-মান দ্রুত ও মাত্রাধিকভাবে কমে যায়। লাভক্রাফট চরম হতাশায় ভুগেছেন—কিছু সময় তিনি আত্নঘাতীও ছিলেন যেটাকে তিনি ‘স্নায়ুবৈকল্য’ বলে বর্ণনা করেছেন। তার এ কষ্টকর জীবন আরও শূন্যতার দিকে চলে যায় যখন তার অন্ত্রের ক্যান্সার ও ব্রাইট রোগ ধরা পরে যার ফলে তিনি  বাকি জীবন  তীব্র কষ্টে অতিবাহিত করেন।

 জ্যাক কেরোয়াক

যখন জ্যাক কেরোয়াক তার সবচেয়ে বিখ্যাত বই  On the Road লিখছিলেন, তখন তার চিন্তা অনুযায়ী এটি কোনো মানসম্পন্ন দশ অধ্যায়ভিত্তিক  উপন্যাস ছিলো না। এটি ছিল একটি অবিরত চিন্তার প্রবাহ--যা একটি চলমান ঘূর্ণন থেকে দীর্ঘায়িত হয়ে বিশাল এক হলঘরে পরিণত হয়। সাহিত্যজগতে, এমন অন্যান্য দৃষ্টিভঙ্গি সম্ভবত একটু কম আশ্চর্যজনক কারণ আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন যে কেরোয়াক মন পরিবর্তনকারী উপাদানে তৈরি ককটেলের প্রভাবে ছিলেন। যার মধ্যে রয়েছে অ্যালকোহল, গাঁজা, ও অ্যাম্ফিটামিন বেনজোড্রিন। 'সিজয়েড পার্সোনালিটি'র কারণে মার্কিন নৌবাহিনী থেকে সম্মানজনক অব্যাহতি পাওয়ার পর, কেরোয়াক উন্মাদনা ও গতিসম্পন্ন জীবনযাপনের জন্য আমেরিকান হাইওয়ে দিয়ে যাত্রা শুরু করেন। এ যাত্রায় তার সঙ্গী ছিলে সদ্য-কিংবদন্তী ডিন মোরিয়াটি।

আর্নেস্ট হেমিংওয়ে

আধুনিক আমেরিকান সাহিত্যের অন্যতম মাননির্ধারক এক চরিত্র আর্নেস্ট হেমিংওয়ের মানসিক অবস্থা সমস্যায় জর্জরিত ছিল। জীবনের একটি বড় অংশ জুড়ে তিনি মদ্যপানে খুব আসক্ত ছিলেন--যা তাকে মানসিক অবনতির দিকে নিয়ে গিয়েছিল; ঠিক যেমনটা অন্য অনেক মহান শিল্পীদের ক্ষেত্রেও ঘটেছিল। পর্যবেক্ষকরা অন্যান্য অনেক সম্ভাব্য রোগ নির্ণয় করেছেন। যেমন বাই-পোলার ডিসঅর্ডার থেকে শুরু করে ট্রমাটিক মস্তিষ্কের আঘাত, ও আত্মকেন্দ্রিক ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। ১৯৬০ থেকে ১৯৬১ সালের মধ্যে ১৫টি পর্যায়ের  ইলেকট্রোকনভালসিভ থেরাপির সেশন শেষে, জুলাই মাসের এক সকালে হেমিংওয়ে জেগে উঠেন,  তার প্রিয় শটগানটি হাতে তুলে নেন, এবং মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

 মার্কুইস দে সাদ

নিঃসন্দেহে, মার্কুইস দে সাদ একধরনের উদ্ভট জীবনযাপন করেছিলেন। তার সাংস্কৃতিক গুরুত্ব যৌন ও নৈতিক স্বাধীনতার যে সংমিশ্রন--সেই বৈপ্লবিক ধারণাতে বিদ্যমান। যৌন আধিপত্যের বিচ্যুতি ও বিধ্ধংসী বিষয়গুলো অনেক সাহিত্যকর্মে ব্যাখ্যা করা হয়েছে এবং সেখান থেকেই আমরা 'স্যাডিজম' শব্দটি পেয়েছি। ১৮০৩ সালে, নেপোলিয়ন বোনাপার্টের আদেশে মার্কুইস দে সাদকে বিনা বিচারে কারারুদ্ধ করার পরপরই তাকে উন্মাদ বলে ঘোষণা করা হয় এবং চ্যারেন্টন আশ্রমে রাখা হয়। যাহোক, আশ্রমে কামুক মার্কুইস দে সাদের জীবন একঘেয়ে ছিল না। কারণ তাকে বেশ কিছু নাটক মঞ্চস্থ করার অনুমতি দেওয়া হয়েছিল। তাছাড়াও ১৮১৪ সালে তার মৃত্যু পর্যন্ত তিনি একাধিক অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত ছিলেন।

সিলভিয়া প্লাথ

The Bell Jar এর লেখক সিলভিয়া প্লাথ তার রচনায় নিজের মানসিক অস্থিরতার কথা এমনভাবে তুলে ধরেছেন যে এর সাথে তার নিজের জীবনের অস্থিরতার সাদৃশ্য দেখা যায়। ক্লিনিকাল ডিপ্রেশনের জন্য তাকে সে সময়ে ব্যবহৃত নিষ্প্রভ ইলেক্ট্রোকনভালসিভ থেরাপি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রথম ভাগের চিকিৎসার পরে, প্লাথ মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার চেষ্টা করেন। মনোরোগ-সংক্রান্ত সহকারীর হস্তক্ষেপের কারণে এ প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপরে নিজের জীবন নেওয়ার আরও বেশ কিছু প্রচেষ্টার পর, ত্রিশ বছর বয়সী প্লাথকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের চুলার নিচে তার ঠাণ্ডা মাথা হেলান দেওয়া অবস্থায় পাওয়া যায় এবং তখনও গ্যাসের প্রবাহ ছিল।

এডগার অ্যালান পো

' The Tell-Tale Heart ' এর মতো ভীতিকর গল্পগুলোর সাথে মানবজাতির ছায়াকে বিস্তৃতরূপে ব্যাখা করার জন্য পরিচিত এডগার অ্যালান পোয়ের রচনাও তার নিজের মনের দানবের সাথে লড়াইয়ের সদৃশ। উন্মাদনার প্রতি স্বঘোষিত প্রবণতা তার জীবনে একটি অশুভ বিরতি এনে দিয়েছে যার সাদৃশ্য আমরা তার সবচেয়ে বিখ্যাত কবিতা ' The Raven ' এ দেখতে পাই। তার স্ত্রীর মৃত্যুর পর, পো ঘোষণা করেন, "আমি নিয়মিতভাবে সংবেদনশীল--খুব অস্বাভাবিক মাত্রায় বিচলিত, ও অপ্রীতিকর বিচক্ষণতার দীর্ঘ বিরতিতে আমি পাগল হয়ে যাই।" ১৮৪৯ সালের অক্টোবর মাসে, তাকে বাল্টিমোরের রাস্তায় বিকারগ্রস্ত অবস্থায় পাওয়া যায়৷ অর্থবহ কিছু বলতে বা ব্যাখা করতে না পারার কারণে, তিনি সেখানে কীভাবে এসেছিলেন তা জানা সম্ভব হয় নি। খুব ভোরে একটি স্থানীয় হাসপাতালে পো মারা যান।

 ভার্জিনিয়া উলফ

ভার্জিনিয়া উলফের জ্বালাময়ী লেখাগুলো অনন্য ও সৃজনশীল চেতনার পাশাপাশি, তার নিজ জীবনের কঠিন সব সময়ের  ঘূর্ণিপাক ও বাঁকের ভবিষ্যদ্বাণীও। কিশোরী বয়সে মা ও সৎ বোন স্টেলার কারণে শোকগ্রস্ত হওয়ার পাশাপাশি, উলফ তার সৎ ভাইদের দ্বারা যৌন নির্যাতনের শিকারও হয়েছিল। সারাজীবন ধরে তিনি গভীর হতাশা ও বেশ কিছু স্নায়বিক বৈকল্যের সাথে লড়াই করেছেন। ভাগ্যের পরিহাসে তিনি নানা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন। উদাহরণস্বরূপ, সবচেয়ে বিখ্যাত হলো--দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ বিমান-আক্রমনের সময় তার লন্ডনের বাড়িটি হারানো। ১৯৪১ সালের ২৮ মার্চ, নিজের ওভারকোটের পকেট পাথরে ভর্তি করে তিনি তার বাড়ির নিকটস্থ নদীতে যান এবং পৃথিবীর বুকে চিরতরে হারিয়ে যান।

বিদেশি পত্রিকায় প্রকাশিত নিবন্ধ অবলম্বনে রচিত।