২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তম-সুচিত্রা রাজ্জাক-শাবানা

যত যাই ভাবো, সন্দেহ মৃদু, অতোটাও আমি হাবা না “বেবি, খাইছো?”, কী! রুচি নাই? আজ চুমুটুমু তবে খাবা না!

অবনি অনার্য অবনি অনার্য

Published : 27 Feb 2026, 02:00 AM

Updated : 26 Aug 2026, 03:02 PM

রাজ্জাক হবো তুমি হও যদি সেলুলয়েডের শাবানা

ক্যাস্ট্রো-গেভারা-চুরুটের সুখ্যাতি বটে আছে হাভানার

যত যাই ভাবো, সন্দেহ মৃদু, অতোটাও আমি হাবা না

“বেবি, খাইছো?”, কী! রুচি নাই? আজ চুমুটুমু তবে খাবা না!

তুমি উত্তম তাই বলে আমি সুচিত্রা কেন হবো না?

বোন নাই, শালা কেন কহ, তুমি কুশপুত্তলিকা বোনাই?

ঘোর কলিকাল বলে কিছু প্রেমিকাও দুঃসম্পর্কের 

কোলেস্টেরল হাই, তাই দূরে বাটি বিফ-খাসি-পর্কের

ত্রিকোণমিতি ও আলজেব্রার ফাঁদে সংকটাপন্ন

সরল অংকের উত্তর এক— এতেই খাতাটা ধন্য। 

মৌচাক থেকে সন্তর্পণে মধুও নিয়েছি ছিনিয়ে

হাসিমুখে বেঁচে আছি শত উপহাস বিদ্রুপ ছিঃ নিয়ে।