২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদিয়া নাজিবের কবিতা: এ জীবন এক সন্ন্যাস

একটি নিঃসঙ্গ সমুদ্র চোখে এসে পাথর হয়ে গেছে / তুমি কি আজো বিরহের চাদরে ঢেকে রাখবে/ একটি গনগনে সূর্যের পাগলকরা প্রেম!

সাদিয়া নাজিবের কবিতা: এ জীবন এক সন্ন্যাস
গিয়র্গিও দি চিরিকোর চিত্রকর্ম

সাদিয়া নাজিব সাদিয়া নাজিব

Published : 16 Oct 2025, 12:34 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

দৃশ্যমান সে অদৃশ্য  

কোষে, শিরায়, করোটিতে জন্মগত দাসত্ব 

ভূমিষ্ঠ হয়েছি

আমৃত্যু প্রশংসা করার চুক্তিতে।

হে স্পার্টাকাস,

 তুমি মুক্তি চাইছিলে কার কাছে?

একটি ইজিপশিয়ান বাঁদর, পরাক্রমশালী অশোক

এমনকি দুর্ধর্ষ চেঙ্গিসও কি আজন্ম দাসত্ব নিয়ে জন্মায়নি? 

আমার আ্যসিরিয়ান পিতা বহু ঈশ্বরের দাস হয়েও

নিজে ঈশ্বর হতে চেয়েছিলেন। 

কিন্তু তিনিও পরিণত হলেন 

ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব অনুজীবের খাদ্যে।

হে কৈবর্তকূল, 

শৃঙ্খলিত জনমে মুক্তির দামামা বাজিয়ে 

ঠাঁই নিলে ইতিহাস অতলে! 

তাই, ক্রীতদাস জনম নিয়ে কেউ বিদ্রোহ কোরো না

তুমি তোমার উত্তরসূরীদের বলো,

তারা যেন দুঃখ না পায় এই ভেবে,

বরং, আহ্লাদিত থাকে আজন্মের দাস জনমে।

আলো থেকে হেঁটেহেঁটে অন্ধকারের চিরন্তন যাত্রায়

এই বার্তা নিয়েই এসেছেন জিবরাইল বারবার 

ওহে মানুষ, 

জেনো, আজন্ম তুমি ক্রীতদাসই তাঁর।

এ জীবন এক সন্ন্যাস

তুমি কি চাইছো?

প্রদীপ জ্বালি অন্য কারো নামে!

তাহলে নক্ষত্রদের কালো পর্দায় ঢেকে দাও।

বলো যদি,

পানপাত্র উজাড় করে, পোড়া হৃদয়ের শুশ্রূষা করি।

স্মৃতিতে গোলাপগন্ধ ঢেলে দিয়েছো

এখন যে ফরাসি সৌরভও নির্গন্ধ। 

কি চাইছো বলো!

ভিঞ্চিতে, পিকাসোতে শুধু শূন্যতাই দেখি

নিউরনে মুখ থুবড়ে পড়েছে মোজার্ট!

একটি নিঃসঙ্গ সমুদ্র চোখে এসে পাথর হয়ে গেছে 

তুমি কি আজো বিরহের চাদরে ঢেকে রাখবে

একটি গনগনে সূর্যের পাগলকরা প্রেম!

কাছেও আসো নি, দূরেও যাও নি

ধরা দিয়েছো শুধু অধরা কল্পনায়

কি চাইছো তুমি? 

একটি পুরুষ প্রেমময় আঙুল দিয়ে 

নারীকে তুমুল না বাজিয়ে 

শূন্য থেকে শূন্যই রয়ে যাক!

দুর্বিনীত সময়

গভীর নিস্তব্ধতা।

ঋষিতুল্য তার ধ্যান! 

অচঞ্চল এবং আড়ষ্টতা জেঁকে বসে আছে। 

অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তেও,

অন্ধকারই আছে লেপ্টে।

নিস্পন্দ বাতাস, বধির আকাশ আর ধর্ষিত মাটি

ফেরাতে পারে না জলের তরঙ্গ

এমন নিথরক্ষণ বৃত্ত কেটেছে যাপিতযজ্ঞে।

দুর্বিনীত সময়ের এই মৌনব্রত 

ভাঙি কোন সুরে!

আমাকে একটি বাঁশি দাও,

আমি দীপকরাগে তোলপাড় করবো মৌনতর আঁধার।

তোমরা তাকে মুরলী বলো আর বংশীই বলো

কাম, ক্রোধ,লোভ, মোহ, মদ, মাৎসর্য 

ফুৎকারে দেবো উড়িয়ে। 

আমাকে একটি বাঁশি এনে দাও,

অচেতন এই নিস্তব্ধতা চুরমার হয়ে যাক 

চুরমার হয়ে যাক।