Published : 11 Mar 2026, 05:58 PM
শেরপুর-৩ আসনে নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতোই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
বুধবার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে তিনি বলেন, আগামী ৯ এপ্রিল এ দুটি আসনের নির্বাচন ‘আরো ভালো হবে’।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন হতে যাচ্ছে। আর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোটও একই দিনে আয়োজন করছে ইসি।
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় ইসি সচিব আখতার আহমেদসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, আনসার, র্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, “সংসদ নির্বাচনের সময়ের (১২ ফেব্রুয়ারির) ‘ডেপ্লয়মেন্ট প্ল্যানের’ (আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন) আওতায় কাজ এগোচ্ছে। বাড়তি রিসোর্সেসের মধ্যে পুলিশের বডিওর্ন ক্যামেরা ও সুরক্ষা অ্যাপের সমন্বয়টা বাড়াব। আগে একটা কেন্দ্রে একটি বডিওর্ন ক্যামেরা ছিল, এটা একটু বাড়ানো হবে।”
রিটার্নিং অফিসার ও স্থানীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া কথা তুলে ধরে তিনি বলেন, “এ দুটি নির্বাচনে আনসার বাহিনী আট দিনের জন্য আর সেনাবাহিনী, বিজিবিসহ অন্যরা নির্ধারিত সময়সীমা (সাত দিনের জন্য) অনুযায়ী থাকবে। মাঠে নির্বাহী হাকিম, বিচারিক তদন্ত কমিটি রয়েছে।
“এখন পর্যন্ত কোনো কোথাও কোনো ধরনের সমস্যা নেই। তবুও আমরা সজাগ থাকব আইনশৃঙ্খলায় কমান্ড, কন্ট্রোল ও কো-অর্ডিশেন করা হবে। সবার কাছ থেকে যে তথ্য পেয়েছি এখন পর্যন্ত কোনো থ্রেট কিছু নেই। ভালো নির্বাচনের পরে এ দুটো আসনের নির্বাচন আরও ভালো হোক, সবার প্রত্যাশা।”
আখতার আহমেদ বলেন, এই নির্বাচনে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ওসিভি ও আইসিভি- দুই ধরনের পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে। প্রবাসীদের জন্য ওসিভি ব্যালট বৃহস্পতিবার থেকে পাঠানো শুরু হবে। আর দেশের ভেতরে থাকা পোস্টাল ভোট গ্রহণ শুরু হবে ২৩ বা ২৪ মার্চের দিকে “
তিনি বলেন, “কেন্দ্রভিত্তিক ভিডিও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থাও থাকবে, যাতে প্রয়োজনে ভবিষ্যতে পর্যালোচনা করা যায়। ফলাফল ব্যবস্থাপনাও আগের মতোই থাকবে। যেহেতু দুটি আসনে কেন্দ্রের সংখ্যা তুলনামূলক কম, একটিতে ১৫০টি এবং অন্যটিতে ১২৮টি কেন্দ্র; তাই দ্রুত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছে কমিশন।”
তফসিল অনুযায়ী, এ দুটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল ৫ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তির দিন ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৫ মার্চ। ভোট ৯ এপ্রিল।
বগুড়া-৬ আসনে তিন জন ও শেরপুর-৩ আসনে পাঁজন বৈধ প্রার্থী রয়েছে।