৯২ বছর বয়সি দীপু রাণী দে বললেন, ‘দেশ-দশের শান্তির জন্য ভোট দিলাম’
চট্টগ্রাম-১৪ আসনে ভোটার ৩ লাখ ১৩ হাজার ৪৩১ জন।
চট্টগ্রামের সুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাঠিতে ভর দিয়ে ভোট দিতে আসেন ৯২ বছর বয়সি দীপু রাণী দে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভোট কক্ষ থেকে বেরিয়ে গাছের ছায়ায় এসে বসে পড়েন।
ভোট দিয়েছেন কী না জানতে চাইলে তিনি দুই হাত তুলে বলেন, ‘দেশ ও দশের শান্তির জন্য ভোট দিলাম’
এবারে তিনি দুটি ভোট দিয়েছেন জানিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দীপু রাণী দে বলতে শুরু করেন, “পাকিস্তান আমল থেকে ভোট দিয়ে আসছি। আমার ভোট আমি চিন্তা করে দিয়েছি।
"দেশের শান্তি চাই। ভোট দিলে দেশে শান্তি আসে। ঠাকুর বাঁচায় রাখলে আগামীবারেও ভোট দিতে চাই।"
শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩ শতাংশ।
প্রিজাইডিং অফিসার মোহাম্মদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,তার কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৫০১ জন। এর মধ্যে ভোট পড়েছে প্রায় ৫০০টি। ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে’।
এদিকে চন্দনাইশের আইডিয়াল স্কুল কেন্দ্রের মাঠে বেলা ১১টার দিকে দেড় শতাধিক ভোটারের লম্বা সারি দেখা যায়। পুরুষের পাশাপাশি নারীর উপস্থিতিও চোখে পড়ার মত।
ভোট দিয়ে আসা ষাটোর্ধ হালিমা বেগম বলেন, "ভোট দিয়েছি দুই জায়গায়। মার্কাতেও দিয়েছি, গণভোটও দিয়েছি। কিন্তু বিস্তারিত কিছু জানি না। আল্লাহর নামে ভোট দিয়েছি।"
একই কেন্দ্রে কোলে ৩৬ দিনের সন্তান নিয়ে ভোট দিতে আসা তসলিমা আক্তার বলেন, “আগেও ভোট দিয়েছি, এবারও আগ্রহ নিয়েই ভোট দিতে এসেছি। ঘরে কেউ না থাকায় ছেলেকে সাথে করে এনেছি। ভোট দেয়া আমার অধিকার, সেকারণেই এসেছি।”
এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আসাদ সিদ্দিকী বলেন, কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫১ জন। এর মধ্যে অর্ধেকই নারী ভোটার। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২৯ শতাংশ।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর ও পুরানগড়) আসনে ভোটার ৩ লাখ ১৩ হাজার ৪৩১ জন। তারা ১০০টি কেন্দ্রে ভোট দিচ্ছে।
এই আসনের ৮জন প্রার্থী হলেন- বিএনপি’র জসীম উদ্দীন আহমেদ (ধানের শীষ), এলডিপির ওমর ফারুক (ছাতা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচএম ইলিয়াছ (আপেল), ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল হামিদ (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের মো. সোলাইমান (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী (ফুটবল) ও শফিকুল ইসলাম রাহী (মোটর সাইকেল)।
