Published : 13 Feb 2026, 06:47 PM
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফেরার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা, দুর্নীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই হবে আগামী সরকারের জন্য ‘প্রধান চ্যালেঞ্জ’।
শুক্রবার বিকালে নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা…দিস আর দ্যা চ্যালেঞ্জ।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফল ঘোষণায় বিএনপি ২০৯ আসনে বিজয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন করবে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন।
ঢাকায় ফিরলে তাকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
‘এটি আনন্দময়-বিষাদময়’
নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “এই ফলাফল এক হচ্ছে, আনন্দময়, আরেকটা হচ্ছে বিষাদময়। আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না, এটা বিষাদময়।
“অনেক শত হাজার রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে একটা চমৎকার উৎসবমুখর এবং একটা স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে… আমি ব্যক্তিগতভাবে অবশ্যই অভিভূত, মুগ্ধ। এই ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি, তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারব।”
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হল, এই দলটি নিয়ে আপনাদের ভাবনা কী?
জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগের ব্যাপারে ইতোমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।”
“পরবর্তীকাল বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে পরবর্তী সিদ্ধান্ত।”
বিমান বন্দর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব।
এই সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।