১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘দেশ যেন শান্তিতে থাকে’

“কেউ নারীর চলার পথে বাধা হয়ে না দাঁড়াক, এই প্রত্যাশা।”

আরফাতুল ইসলাম নাইম আরফাতুল ইসলাম নাইম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 07:09 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

“এডাই আমার শেষ ভোট। আর দিতে পারুম না। পোলাই নিয়া আইসে, দিলাম।” লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে আসা আবদুল কাদের বেপারীর আশা আর কোনো মারামারি, হানাহানি যেন না হয়, দেশ যেন শান্তিতে থাকে।

বৃহস্পতিবার চারুকলা কেন্দ্রে ভোট দিয়েছেন শাহবাগের বাসিন্দা কাদের বেপারী।

তিনি বলছিলেন, “আমার বয়সী সব বন্ধু-বান্ধব মারা গেছে। আমি এহনো বাইছা আছি। বয়স হইছে ৮৬।” 

ভোট দেওয়ার পর প্রত্যাশা জানিয়ে কাদের বেপারী বলেন, “আর কোনো হানাহানি-মারামারি চাই না। শেষ বয়সে আয়া ভোট দিলাম। আল্লাহ যেন দেশটারে শান্তি দেয়। এটাই চাই।”

শুধু আবদুল কাদের বেপারী না, জীবনের প্রথম ভোট দিতে আসা লাবণ্য চৌধুরীও জানালেন সেই প্রত্যাশার কথা। 

কার্জন হল কেন্দ্রে ভোট দেওয়া এই তরুণী বলেন, “আমি ২০২৪ সালে ভোটার হয়েছি। মা বলেছিল ভোট না দিতে। এবার দিতে আসলাম। 

“শুধু একটাই চাওয়া আর কোন অশান্তি চাই না। শান্তি-শৃঙ্খলা ফিরে আসুক। কেউ নারীর চলার পথে বাধা হয়ে না দাঁড়াক, এই প্রত্যাশা।”

মাঝ বয়সী আলিম মিয়াও চাওয়াও শান্তি। তিনি বলেন, “ব্যবসা করতে গিয়া দেখলাম দেশটা একটা জাহান্নাম। একজন আরেকজনের পেছনে লেগে আছে। এটা থেকে মুক্তি চাই।”

এভাবেই তরুণ থেকে বৃদ্ধ, নানা বয়সী ভোটাররা প্রত্যাশা নিয়ে ভোট দিতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে।

এসব কেন্দ্রের কোথাও দেখা গেছে ভোটারের লম্বা সারি, আবার কোথাও ফাঁকা। তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টা ভোটকেন্দ্রে ভোট চলছে। তার মধ্যে চারুকলায় দুইটি ভোটকেন্দ্র, ল্যাবরেটরি স্কুলে তিনটি, উদয়ন স্কুলে একটি, কার্জন হলে একটি, এনেক্স ভবনে একটি ও বিজ্ঞান ক্যাফেটেরিয়ায় দুইটি কেন্দ্রে ভোট চলছে।

সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। দেশের ২৯৯টি আসনে সংসদ নির্বাচন ও গণভোট চলছে। এবার প্রায় ১৩ কোটি ভোটার ভোট দিচ্ছেন, তাদের এক তৃতীয়াংশ তরুণ ভোটার। আর প্রায় অর্ধেক নারী ভোটার।