Published : 29 Jan 2026, 11:03 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংযোগে টাকার মালা উপহার দিয়ে বরণ করেছেন উচ্ছ্বসিত সমর্থকরা
বৃহস্পতিবার নির্বাচনি এলাকার সালন্দর ও বালিয়া ইউনিয়নে আলাদা দুটি নির্বাচনি গণসংযোগে সমর্থকরা মির্জা ফখরুলকে এভাবে বরণ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হবে।
এ আসনে বিএনপির মহাসচিব ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, বৃহস্পতিবার সকালে সদর আসনের সালন্দর ইউনিয়নের কালিতলা এলাকায় গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এসময় সমর্থকরা গলায় টাকার মালা পরিয়ে তাকে বরণ করে নেন।
অপরদিকে সন্ধ্যায় সদর আসনের বালিয়া ইউনিয়নে আরেকটি নির্বাচনি গণসংযোগ অংশগ্রহণ করেন মির্জা ফখরুল। সেখানেও সমর্থকরা তাকে টাকার মালা উপহার দেন।

পয়গাম আলী বলেন, “এলাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ জনপ্রিয় একজন ব্যক্তি। ছোট-বড় সকলের ভালোবাসার মানুষ তিনি। আজ দুটি নির্বাচনি গণসংযোগে মির্জা ফখরুল অংশগ্রহণ করলে সমর্থকরা ভালোবেসে তাকে টাকার মালা উপহার হিসেবে দিয়েছে। এই মালা ভালোবাসার বহিঃপ্রকাশ।
কালিতলা এলাকার বাসিন্দা নাসরিন আক্তার বলেন, “মির্জা ফখরুল শুধু ঠাকুরগাঁওয়ের নেতা নয়, তিনি পুরো বাংলাদেশের নেতা এবং তিনি জনপ্রিয় নেতা। এরকম একজন নেতার জন্ম ঠাকুরগাঁওয়ে হয়েছে, এটি আসলেই গর্বের বিষয়।
“ওনার মত নেতা আরেকজন কখনো জন্ম নেবে কিনা জানি না। আমরা ওনাকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকেই ওনাকে টাকার মালা উপহার দেওয়া হয়েছে।”
গণসংযোগকালে মির্জা ফখরুল বলেন, “আমি আপনাদের পরিচিত মানুষ। অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং সবসময় আপনাদের পাশেই থাকবো। আপনাদের কাছে অনুরোধ- আসন্ন নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে জেলার উন্নয়নসহ এলাকার বেকার সমস্যা নিরসনে কাজ করব।”