২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাউজানে সরলেন গোলাম আকবর, বিএনপির প্রার্থী এখন গিয়াস কাদের

চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 08:24 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

রাউজান উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৬ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার। ফলে এ আসনটিতে এখন দলটির একক প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আসনটিতে এ দুই নেতাকেই মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার দলটির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আহ্বায়ক গোলাম আকবর ভোটের মাঠ থেকে সরে আসেন।

সবমিলিয়ে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাতে চট্টগ্রামে মোট প্রার্থী হলেন ১১১ জন।

চট্টগ্রাম-৬ আসনটিতে সবসময় এক পরিবারের সদস্যরা মনোনয়ন পেয়ে থাকেন বলে বলে আলোচনায় আছে। এ আসনে ১৯৯৬ সালে বিএনপির মনোনয়ন নিয়ে জয়ী হয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। 

২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ আসনে সংসদ সদস্য ছিলেন তাদের চাচাত ভাই এবিএম ফজলে করিম চৌধুরী। যিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য ছিলেন। 

গত ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় বিএনপি চট্টগ্রামের যে চারটি আসনে প্রার্থী ঘোষণা দিয়েছিল, সেখানে চট্টগ্রাম-৬ আসনে মনোনয়ন পান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। আবার ২৭ ডিসেম্বর দলের মহাসচিব উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে দলীয় মনোনয়নপত্র দেন। এরপর থেকে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।

গত ৯ জানুয়ারি চট্টগ্রামের গুডস হিলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে গিয়াস উদ্দিন কাদের দলের ‘সবুজ সংকেত’ পেয়েছেন এবং তিনিই এ আসন থেকে বিএনপির প্রার্থী বলে দাবি করেছিলেন।

গোলাম আকবর খোন্দকারও নিজেকে দলের প্রার্থী হিসেবে বলে আসছিলেন। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন গোলাম আকবর।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েদ উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভাগীয় কমিশনারের অধীনে থাকা পাঁচটি আসনের মধ্যে চট্টগ্রাম-৫ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোক্তার আহমেদ, চট্টগ্রাম-৮ আসনে খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েতে উল্লাহ ও চট্টগ্রাম-৯ আসনের বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মো. নেজাম উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীনে থাকার ১০টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ সুপ্রীম পার্টি- বিএসপির মো. ওসমান আলী, খেলাফত মজলিসের এইচএম আশরাফ বিন ইয়াকুব তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

চট্টগ্রাম-৬ (রাউজান) বিএনপির গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) খেলাফত মজলিসের আবুল কালাম, চট্টগ্রাম-১১ আসনের এবি পার্টির মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে গণ অধিকার পরিষদের এমদাদুল হাসান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম- ১৬ (বাঁশখালী) আসনে এলডিপি’র কফিল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মুহাম্মদ মুসা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আরও পড়ুন-

রাউজানে গিয়াসের সঙ্গে গোলাম আকবরও পেলেন বিএনপির মনোনয়ন