Published : 28 Dec 2025, 08:04 PM
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এবার বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলার সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।
এর আগে একই আসনে দলটি মনোনয়ন দেয় গিয়াস কাদের চৌধুরীকে।
একই আসনে দুজনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এখানে প্রার্থীতা বদলের কোনো সিদ্ধান্ত হয়নি। দল চাইলে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনেক সময় ‘বিকল্প’ হিসেবে এ ধরনের মনোনয়নপত্র দেওয়া হয়।”
গত ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় বিএনপি চট্টগ্রামের যে চারটি আসনে প্রার্থী ঘোষণা দিয়েছিল, সেখানে চট্টগ্রাম-৬ আসনে মনোনয়ন পান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
১৭ ডিসেম্বর তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ২০ ডিসেম্বর তাকে দলের মনোনয়নপত্র দেওয়া হয়।
এদিকে একই আসনে গত বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। রোববার তাকেও দলীয় মনোনয়নপত্র দেওয়া হয়।
গোলাম আকবর খোন্দকারের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোলাম আকবর খোন্দকারকে ২৭ ডিসেম্বর দলের মহাসচিব দলীয় মনোনয়নপত্র দিয়েছেন।
“সোমবার দলীয় মনোনয়নপত্রসহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিব।”
গণপ্রতিনিধিত্ব আদেশে দলীয় প্রার্থী প্রত্যয়নের ক্ষেত্রে বলা হয়েছে, রাজনৈতিক দল মনোনীত প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট দলের প্রত্যয়নপত্র মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। এক আসনে এক দলের একাধিক প্রার্থী থাকতে পারে, বাছাইয়ে বৈধ হলেও প্রার্থিতা প্রত্যাহারের আগেই একজনকে চূড়ান্ত করতে হবে সংশ্লিষ্ট দলকে।
মনোনয়নপত্র দাখিলের সময়ই রাজনৈতিক দলের প্রার্থীকে প্রত্যয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
মনোনয়নপত্র জমা দিলেন সাতজন
চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রোববার চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এদিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মোট সাত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মীর হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল (সোমবার) শেষ দিনে সবাই মনোনয়নপত্র জমা দেবেন। অনেক ভিড় হবে, নিয়ম মেনে আমি আজ (রোববার) মনোনয়নপত্র জমা দিয়েছি।”
তিনি বলেন, “অনেকেই লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। আমি উদাহরণ সৃষ্টি করতে চাই। পাঁচ মিনিটের মধ্যেই মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে এসেছি। দলীয় নেতা, এক জন বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ পাঁচজন এবং কাগজপত্র বুঝিয়ে দিতে অনুমতি নিয়ে সঙ্গে দুইজন আইনজীবী নিয়েছিলাম।”
বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার চট্টগ্রাম-৫ আসনে মীর হেলাল ও চট্টগ্রাম-৮ আসনে সিপিবি প্রার্থী সেহাব উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত ইসলামীর চার প্রার্থীসহ পাঁচজন। তারা হলেন- চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে শাহাজাহান চৌধুরী, চট্টগ্রাম-১ (ফটিকছড়ি উপজেলা) আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-
১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মাহমুদুল হাসান ও একই আসনে এনডিএম প্রার্থী মো. এমরান।