Published : 12 Feb 2026, 11:32 PM
বিএনপি সরকার গঠন করলে দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের সঙ্গে বলেন, “আমরা এগিয়ে আছি, ইনশাআল্লাহ আমরা মেজরিটি পাবো, অবশ্যই ভালো মেজরিটি পাবো। সেই মেজরিটি পেলে আমরা সরকারও গঠন করবো।”
বিএনপি মহাসচিব বলেন, “আমরা এগিয়ে আছি। এখনও ফলাফল আসেনি। তবে সুযোগ পেলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবো। সরকার গঠন করতে পারলে বিএনপির যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, তা বাস্তবানের লক্ষ্যে কাজ করবো।”
এদিন সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। রাতেই ফলাফল ঘোষণা শুরু হয়েছে।
মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে ভোট করেছেন। সেখানকার বেশিরভাগ কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে আছেন।
এ আসনে ১৮৫টির মধ্যে ১২৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩১৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮৯ হাজার ৪৯৩ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছেন ২৬৫৩ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬৩১ জন।