Published : 12 Feb 2026, 01:26 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোট দিয়ে গোলাপী ফাঁস করে দিয়েছেন, তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এই নারী ভোটার সাংবাদিকদের বলে দেন তিনি ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ভোট দিয়েছেন। আর আব্বাসকে ভোট দেওয়ার কারণও তিনি ব্যাখ্যা করেন।
গোলাপী বলেন, “আব্বাস বহুত মাইর-মোর খাইছে। তাই তারে ভোট দিবার আইছি। আমার পোলাও নাই, জামাইও নাই। কেউ নাই। তারে আয়া দিলাম ভোট।”
গণভোট নিয়ে জানতে চাইলে গোলাপী বলেন, “এসব হুনি নাই। জানি না। একটা দিয়ে আসছি।”
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার পর্বের শুরু থেকে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী আলোচনায় ছিলেন। মির্জা আব্বাসের প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর নিরন্তর দোষারোপ আর এই তরুণকে উদ্দেশ্য করে মির্জা আব্বাসের পাল্টা কথা পুরো প্রচার পর্বে খবরের শিরোনামে এসেছে।
কার্জন হলের এ কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন দেখা হেছে। কেউ কেউ বলছেন ভোট দিতে তাদের প্রায় ৪৫ মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
এ কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা ৫২৬ ও পুরুষ ১৬১৫ জন। এতে তিনটি বুথে পুরুষ ও নারীদের জন্য রয়েছে একটি।