Published : 17 Oct 2015, 06:48 PM
আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ২৪৫ রান করেছিলেন শোয়েব মালিক। ব্যাট করেছিলেন ৬৩৯ মিনিট। দ্বিতীয় ইনিংসে তার স্থায়িত্ব ছিল মাত্র ৪ বল। শনিবার টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে জেমস অ্যান্ডারসনের বলে আউট হন কোনো রান না করেই।
এর আগে শূন্য রান করা টেস্টে সবচেয়ে বড় ইনিংসটি খেলেছিলেন রিকি পন্টিং। ২০০৩ সালে ভারতের বিপক্ষে অ্যাডিলেইড টেস্টের প্রথম ইনিংসে ২৪২ রান করেছিলেন পন্টিং, দ্বিতীয় ইনিংসে আউট হয়েছিলেন শূন্য রানে। সেই টেস্টেই প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করেও (৫৫৬) হারের অনাকাঙ্খিত রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।

এই দুজনের পরেই আছেন ডাডলি নার্স। তবে এই দক্ষিণ আফ্রিকান গ্রেটের অভিজ্ঞতাটা অন্যরকম। ১৯৩৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম ইনিংসে শূন্য রানের হতাশা ভুলে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৩১।
একই টেস্টে দ্বিশতক আর শূন্য করার অম্ল-মধুর অভিজ্ঞতা আছে আর মাত্র তিনজনের। ১৯৫৫ সালে লাহোরে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানি উইকেটকিপার ইমতিয়াজ আহমেদ করেছিলেন ২০৯ ও ০। ১৯৬৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিমুর নার্স করেছিলেন ২০১ ও ০। ১৯৮৪ সালে পূর্বসূরির পথে হেঁটেছিলেন ওয়েস্ট ইন্ডিজেরই ভিভ রিচার্ডস। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ২০৮ ও ০।