১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ অভিষেকে ফিফটিতে র‍্যাঙ্কিংয়ে জুয়ায়রিয়ার বড় লাফ

অ্যামেলিয়া কারকে হটিয়ে আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন হেইলি ম্যাথিউস।

বিশ্বকাপ অভিষেকে ফিফটিতে র‍্যাঙ্কিংয়ে জুয়ায়রিয়ার বড় লাফ
বিশ্বকাপে প্রথম ম্যাচে ফিফটির পর জুয়ায়রিয়া ফেরদৌস। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 07:25 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেকে রান তাড়ায় দারুণ ফিফটির আরেকটি পুরস্কার পেয়েছেন জুয়ায়রিয়া ফেরদৌস। আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। 

নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

৩৬ ধাপ এগিয়ে নামিবিয়ার ইয়াসমিন খানের সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে আছেন জুয়ায়রিয়া। সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে আছেন বাংলাদেশের আরেক ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। 

বিশ্বকাপে গত রোববার বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন এই দুজনই। ১৪১ রানের লক্ষ্য তাড়ায় সাত চার ও দুই ছক্কায় ৩৩ বলে ৫০ রান করেন ২০ বছর বয়সী জুয়ায়রিয়া। ম্যাচ সেরা হন তিনিই। অভিজ্ঞ শারমিন পাঁচ নম্বরে নেমে ৩২ বলে ৩৭ রানের ইনিংসে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন। 

ওই ম্যাচে প্রথম বলে আউট হওয়া অধিনায়ক নিগার সুলতানা পাঁচ ধাপ পিছিয়ে ২৩তম স্থানে আছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থান এটিই।

শীর্ষে আছেন যথারীতি অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই চূড়ায় ইংল্যান্ডের লিনজি স্মিথ। এখানে পাঁচ ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন ভারতের শ্রি চারানি। দুজনের রেটিং পয়েন্টের ব্যবধান কেবল পাঁচ।

নিউ জিল্যান্ড অধিনায়ক অ্যামেলিয়া কারকে হটিয়ে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এই দুজন। কার ব্যাট হাতে করতে পারেন কেবল ৫ রান। বোলিংয়ে চার ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। 

দলের ৭ উইকেটে জয়ের ওই ম্যাচে ম্যাথিউস রান তাড়ায় খেলেন ৩৭ বলে ৪৮ রানের ইনিংস। তার আগে হাত ঘুরিয়ে চার ওভারে ৩১ রানে একটি উইকেট নেন ২৮ বছর বয়সী এই অফ স্পিনিং অলরাউন্ডার।