১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিটনকে নিয়ে শঙ্কা, টি-টোয়েন্টি দলে সৌম্য

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ দলে যোগ করা হলো অভিজ্ঞ ক্রিকেটারকে।

লিটনকে নিয়ে শঙ্কা, টি-টোয়েন্টি দলে সৌম্য
লিটন কুমার দাস ও সৌম্য সরকার। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 10:30 AM

Updated : 11 Sep 2026, 03:25 PM

সৌম্য সরকারের থমকে থাকা টি-টোয়েন্টি ক্যারিয়ারে নতুন প্রাণের ছোঁয়া লাগল। অনেকটা আচমকাই বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ পেলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন জানানো হলো, দলে যোগ করা হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

হুট করে সৌম্যকে দলে নেওয়ার পেছনের কারণটায় অবশ্য মিশে আছে দলের দু্র্ভাবনা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, শঙ্কা আছে অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে।

“লিটনের ইনজুরি কনসার্ন আছে, কাফ মাসল টিয়ার। আর দু-একজনের জ্বর এসেছে। মূলত ইনজুরি কনসার্ন থাকার জন্যেই একজন মেম্বার বাড়ানো হয়েছে।”

আরেক নির্বাচক নাঈম ইসলামের কথায় ইঙ্গিত পাওয়া গেল, প্রথম টি-টোয়েন্টিতে লিটনের খেলা নিয়ে শঙ্কাটা তীব্রই।

“শেষ ম্যাচে যে ইনজুরড ছিল, সেটা এখনো পুরোপুরি রিকভার্ড হয়নি। আশা করি, ও প্রথম ম্যাচ না পারলে দ্বিতীয় ম্যাচ থেকে রিকভার করে ফেলবে। এটা আপাতত ফিজিওর রিপোর্ট, তবে সময় লাগতেও পারে।”

নাঈম জানালেন, জ্বরে আক্রান্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন। তবে সেটি ভাইরাল জ্বর বলেই ধারণা করা হচ্ছে।

দলে ফেরা সৌম্য বাংলাদেশের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। দেশের হয়ে এই সংস্করণে সবশেষ ৩০ ইনিংসে তার ফিফটি নেই। গত ১০ ইনিংসে যদিও তিনটি ইনিংস আছে ৪০ ছোঁয়া।

গত বিপিএলেও বলার মতো কিছু তিনি করতে পারেননি। নোয়াখালি এক্সপ্রেসের হয়ে ৬ ইনিংস খেলে ফিফটি করতে পেরেছিলেন কেবল একটি।

চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজটি শুরু বুধবার। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: 

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।