Published : 18 Jun 2013, 08:53 AM

মেয়র পদপ্রার্থীর মধ্যে ১৪ দল সমর্থিত অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পেয়েছেন দোয়াত-কলম প্রতীক। আর ১৮ দল সমর্থিত অধ্যাপক এম এ মান্নান লড়বেন টেলিভিশন প্রতীক নিয়ে।
এছাড়া সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী বিদ্রোহী আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন আনারস, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মো.মেজবাহ উদ্দিন সরকার রুবেল পেয়েছেন হাঁস, মো. আমান উল্লাহ তালা এবং রীণা সুলতানা প্রজাপতি প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের সময় একাধিক মেয়র প্রার্থী আনারস ও টেলিভিশন চাওয়ায় লটারির মাধ্যমে দাবির ফয়সালা করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান।
প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে প্রতীক দেখিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচনের আচরণবিধি অনুসারে প্রার্থীরা কোনো দালান বা দেয়াল, বেড়া, যানবাহন, বিদ্যুতের খুঁটি বা গাছে আঠা দিয়ে পোস্টার লাগাতে পারবেন না।
কোনো অবস্থাতেই রঙিন পোস্টার ছাপানো বা লাগানো যাবে না। বিলবোর্ড বা আঠাযুক্ত স্টিকার লাগানো চলবে না; পোস্টারেও নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ছাপানো যাবে না।
গত ২২ মে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ৬ জুলাই এ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ৫৭টি ওয়ার্ডের মধ্যে ২৫ নম্বর ওয়ার্ডের চারটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।