Published : 18 Jun 2013, 05:00 AM
পার্বত্য বাঙালি নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে এই হরতালে মঙ্গলবার সকাল থেকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দূর পাল্লার যানবাহন বন্ধ রয়েছে। তবে দিনের প্রথম ভাগে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল থেকে জেলার দূরপাল্লার বাস কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে। বাণিজ্যিক এলাকাগুলোতে দোকানপাটও বন্ধ। তবে শহরের ভেতরে যান চলাচল মোটামুটি স্বাভাবিক।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, হরতালের কারণে জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে। শহরের ভেতরেও কোনো যানবাহন চলছে না।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে সকালে হরতালের সমর্থনে কোনো পিকেটিং দেখা য়াযনি।
রাঙামাটি প্রতিনিধি জানান, সকাল থেকে জেলায় হরতাল চলছে কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই। হরতালে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। জেলার সদরের রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকেও কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
বান্দরবান জেলার পার্বত্য বাঙালি নাগরিক পরিষদের নেতা মোহাম্মদ হোসেন (সম্রাট) রোববার বিকালে ১৮ থকে ২০ জুন এই হরতালের ঘোষণা দেন।
এর আগে মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন অনুমোদনের প্রতিবাদে গত ৯ জুন থেকে তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা হরতাল পালন করে ছয়টি সংগঠন।