Published : 18 Jun 2026, 06:35 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থী যারা আছেন, তাদের অনেক সময় থাকা-খাওয়া নিয়ে অনেক সময় অরিড (চিন্তিত) থাকতে হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখবেন।
“এ বিষয়ে সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন, আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব। যাতে করে আমাদের শিক্ষার্থী সুস্থ থাকে, ভালো পরিবেশ পায়। খাওয়া-দাওয়া গুনগত মান বজায় থাকে।”
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের আগামী দিনের যোগ্য নেতৃত্ব ও বুদ্ধিজীবী গড়ার মূল কারিগর এবং এখানে পড়তে পারাটা শিক্ষার্থীদের জন্য এক বড় সুযোগ বলেও মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যারা আজকে এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন, আপনারা অনেক ভাগ্যবান।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খাইরুল ইসলাম বলেন, “ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মন ছোট করার জায়গা নেই। তোমরা আজকে যারা এখানে ভর্তি হয়েছো, ২০৩১ সালের মধ্যে তোমাদের স্নাতক-স্নাতকোত্তর শেষ হবে।
“বর্তমানে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুগ; তাই তোমাদের সেইভাবেই কম্পেটেন্সি অর্জন করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও ডিনরা নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে নবীনবরণকে কেন্দ্র করে কেন্দ্রীয় মিলনায়তনের রাস্তার পাশে টেন্ট স্থাপন করে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ স্বাগত জানান।