Published : 16 Jun 2013, 12:33 PM
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মতিঝিল শাপলা চত্বরে অবস্থানের সিদ্ধান্ত ভুল ছিল। আমি এটা সমাবেশের নেতৃবৃন্দকে বলেছিলাম। কিন্তু তারা আমার কথা শোনেননি। আমাদের আমির আল্লামা শফি সাহেবের সাথে আমি এ বিষয়ে আলাপের কোনো সুযোগ পাইনি। কারণ তিনি সেখানে উপস্থিত ছিলেন না।”
গত ৫ মে তিনি দুপুরে সমাবেশে অংশ নিয়েছিলেন জানিয়ে মাওলানা মুহিবুল বলেন, “তবে বিকাল ৫টার আগেই সমাবেশস্থল ত্যাগ করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।”
‘নাস্তিক’ ব্লগারদের ফাঁসি, নারী-পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করা, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন এবং নারীনীতি বাতিলসহ ১৩ দফা দাবিতে গত ৫মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম।
ওইদিন সমাবেশস্থলের আশেপাশে চালানো হয় ব্যাপক তাণ্ডব। রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি ব্যাংক ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয় বায়তুল মোকাররমের সংশ্লিষ্ট হকারদের দোকান ও সিপিবি অফিসে।
সরকারের পক্ষ থেকে বারাবার সমাবেশস্থল ত্যাগের অনুরোধ জানানোর পরও হেফাজত নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ না করায় মধ্যরাতে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরপর থেকেই বিরোধীদল দাবি করে আসছে, সেদিন রাতে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর না দিয়ে মাওলানা মুহিবুল বলেন, “অনেকেই বলছেন সেখানে গণহত্যা হয়েছে। আমি তো সে সময় সেখানে উপস্থিত ছিলাম না, তাই সঠিকভাবে বলতে পারব না। তবে কিছু না কিছু যে ঘটেছে, তাতে কোনো সন্দেহ নাই।”
তবে সাধারণ নিরীহ ছাত্রদের এভাবে সরিয়ে দেয়াকে সমর্থন করেন না বলে জানান তিনি।
“আসলে দুটোই ভুল সিদ্ধান্ত ছিল। শাপলা চত্বরে অবস্থানের সিদ্ধান্তটা যেমন ভুল ছিল, তেমনি সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকারের অ্যাকশন নেয়াটাও ঠিক হয়নি।”
নিজেদের অবস্থান সম্পর্কে তিনি বলেন, “হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য ১৩ দফা বাস্তবায়ন। এই ১৩ দফা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা ঈমানি দায়িত্ব। আমাদের কোন রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। আমরা ১৩ দফার মধ্যেই থাকতে চাই।”
১৩ দফা না মানলে বিএনপির বিরুদ্ধেও আন্দোলনে নামতে পিছপা হবেন না বলেন জানান হেফাজতে ইসলামের সিলেট শাখার আমির শায়খুল হাদিস মাওলানা মুহিবুল হক।
“বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় এবং আমাদের ১৩ দফা না মানে, তাহলে বিএনপির বিরুদ্ধেও আমরা আন্দোলন করব।”
তবে সাধারণ জনগণের কাছে হেফাজতে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
মাওলানা মুহিবুল বলেন, “আমাদের দুঃখ লাগে, সবসময় আমরা জামায়াতের বিরুদ্ধে অবস্থান করলাম, আর ১৩ দফাকে কেন্দ্র করে সবাই এখন আমাদের জামায়াতের বি-টিম বলে। এটা সম্পূর্ণ ভুল ধারণা।”
জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার সমস্যা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ওরা (জামায়াত) ওদের নিজেদের স্বার্থে ইসলামকে ব্যাবহার করছে। তাই আদর্শগত ভাবেই আমরা জামায়াতবিরোধী। যতদিন পর্যন্ত তারা সংশোধনের পথে না আসবে, ততদিন আমাদের বিরোধ চলবে।”