Published : 16 Jun 2013, 07:18 AM
আসাদুজ্জামান (৩৬) নামে ওই ব্যক্তিকে সহযোগিতার অভিযোগে বিএনপি নেত্রী সানজিদা চৈতি পপিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দুজনকে শনিবার রাতে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে থেকে গ্রেপ্তার করা হয় বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার আসাদুজ্জামান পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে পুলিশ সদস্যদের জাতিসংঘ শান্তিমিশনে পাঠানো, পদোন্নতি ও বদলি করিয়ে দেয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছেন।
“অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের সঙ্গে চেহারায় মিল থাকায় এবং গ্রামের বাড়ি একই জেলা চাঁপাইনবাবগঞ্জ হওয়ায় এ প্রতারকের প্রতারণা করা সহজ হয়,” বলেন তিনি।
আসাদুজ্জামান জাতিসংঘ মিশনে পাঠানোর কথা বলে পুলিশের কনস্টেবল জাকিরুল ইসলামের থেকে দেড় লাখ টাকা, কোতয়ালি থানার এসআই মকবুল হোসেনের থেকে এক লাখ টাকা নেন।
পরে সন্দেহ হলে ওই দুই পুলিশ সদস্য গোয়েন্দা পুলিশকে ঘটনাটি জানান। এরপর আসাদুজ্জামানকে গ্রেপ্তারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
বিএনপি নেত্রী চৈতির বিষয়ে পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আসাদুজ্জামান বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ রক্ষা করার কাজে তাকে ব্যবহার করতেন।