Published : 21 May 2013, 04:53 PM
বুধবার বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এ শোকসভায় অনুষ্ঠিত হবে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তৃতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সুশাসনের জন্য নাগরিক-সুজন, ধরিত্রী বাংলাদেশ ও ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়শেন (ইউএনএবি) যৌথভাবে এ সভার আয়োজন করেছে।
বাপা সভাপতি এএসএম শাহজাহান, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, টিআইবি চেয়ারপার্সন সুলতানা কামাল, ইউএনএবি বিচারপতি এবাদুল হক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, অধ্যাপক মোজাফফরের স্ত্রী অধ্যাপিকা রওশন জাহান ও ধরিত্রী বাংলাদেশের সহ-সভাপতি অধ্যাপক আবদুল হালিম আলোচনায় অংশ নেবেন।
৭৯ বছর বয়সে গত বছর ২২ মে মারা যান অধ্যাপক মোজাফফর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস মোজাফফর নাগরিক সংগঠন সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোজাফফর ২০০৮ সালে একুশে পদক পান। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন।