Published : 21 May 2013, 11:10 AM

উপজেলার মস্তফাপুরে সোমবার রাতে প্রায় একই সময়ে তিনটি গ্রামের ১৪টি বাড়িতে আগুন ধরে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গোয়েন্দা পুলিশের সদস্য (ওয়াচার) শহীদকে সাময়িক বরখাস্ত এবং সদর থানার উপ-পরিদর্শক রাজীবকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মস্তফাপুর ইউনিয়নের জৈইয়ার, ছোট বাড্ডা, বড় বাড্ডা ও খালপাড় গ্রামে সোমবার গভীর রাতে প্রায় একই সময় হিন্দু ও মুসলমানের ১৪টি বাড়িতে আগুন দেয়।
পরে এলাকার লোকজন আগুন নেভায়।
মাদারীপুরের পুলিশ সুপার মো. ফরিদুল ইসলাম সকালে এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় পুলিশ সুপার বলেন, এটি নাশকতামূলক কাজ। একাজে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।
এক গোয়েন্দা পুলিশের সদস্যকে সাময়িক বরখাস্ত এবং এক উপ-পরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার কথা নিশ্চিত করেছেন।
মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মস্তফাপুরে ১৪টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত নেতা কাজী আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।