১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চীনের নিখোঁজ প্রতিরক্ষামন্ত্রী তদন্তের মুখে, ধারণা যুক্তরাষ্ট্রের

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 11:20 AM

Updated : 28 Jan 2024, 11:20 AM

চীনে দুই সপ্তাহ ধরে খোঁজ না থাকা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুরকে নিয়ে বেইজিং তদন্ত চালাচ্ছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে কিনা সে প্রশ্ন তুলেছেন দেশটির এক কূটনীতিক।

‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শুক্রবার এমন কথাই বলেছে। আরও কয়েকটি গণমাধ্যমও শাংফু তদন্তের মুখে পড়েছেন বলে জানিয়েছে।

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ বলছে, শাংফুকে গত সপ্তাহে জেরার জন্য নিয়ে যাওয়া হয় এবং পদ থেকে তাকে সরিয়েও দেওয়া হয়েছে।

তবে কোনো খবরেই শাংফুর বিরুদ্ধে তদন্ত চলার কারণ কী হতে পারে, সে ব্যাপারে কিছু লেখা হয়নি।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

লি শাংফুকে নিয়ে তদন্ত চলছে কি না, এমন প্রশ্নে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিংয়ের জবাব ছিল, এ ব্যাপারে তার কিছু জানা নেই।

লি শাংফুকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল গত ২৯ অগাস্ট। সেদিন বেইজিংয়ে চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামে বক্তব্য রেখেছিলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকে এভাবে কয়েক মাস আগে নিখোঁজ হয়েছিলেন কিন গ্যাং। তাকে পদ থেকেও সরানোর আদেশ আসে জুলাইয়ে।

গ্যাং কেন উধাও হয়েছিলেন এবং তাকে কেন পদচ্যুতকে করা হয়েছিল সে ব্যাখ্যা এখনও ‍দেয়নি সরকার।

সংবাদসূত্র: রয়টার্স।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)