Published : 20 Jan 2024, 10:06 AM
সাত দশক ধরে পশ্চিমা মিডিয়া দুনিয়ায় যে সাম্রাজ্য গড়ে তুলেছেন, তার দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন রুপার্ট মার্ডক। ৯২ বছর বয়সী ‘মিডিয়া মুঘল’ বৃহস্পতিবার ফক্স কর্পোরেশন এবং নিউজ কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।
কর্মীদের উদ্দেশে লেখা এক স্মারকে মার্ডক লিখেছেন, “পেশাগত জীবনের আমার প্রতিটি দিন সংবাদ ও আইডিয়ার সঙ্গে কাটিয়েছি; সেই রুটিনে পরিবর্তন আসবে না। সত্যিকার অর্থেই আমাদের বলিষ্ঠ দল আছে; আমার ভিন্ন ভূমিকায় দায়িত্ব নেওয়ার সময় এখনই।”
ফক্স কর্পোরেশন জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝিতে কোম্পানিগুলোর যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে, তখন থেকে মার্ডকের ইস্তফা কার্যকর হবে। দুই কোম্পানিতেেই তিনি চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে থাকবেন। মার্ডকের বড় ছেলে লকলান মার্ডক নিউজ কর্পোরেশন ও ফক্স নিউজের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। ছোট ছেলে জেমস মার্ডক প্রধান নির্বাহীর দায়িত্ব সামলাবেন।
প্রভাবশালী এ গণমাধ্যম ব্যক্তিত্ব এক সময় পেশাগত জীবনের ইতি টানছেন, যখন টিভি ও সিনেমা ব্যবসার ধরন বদলে স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছে।
মার্ডকের নেতৃত্বে ফক্স ও নিউজ কর্পোরেশন থেকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক পোস্টের মতো প্রকাশনা বের হয়ে আসছিল। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায়ও রয়েছে তার সাম্রাজ্যের বিস্তার। যুক্তরাজ্যের দ্য টাইমস, সানডে টাইমস, দ্য সানের মতো সংবাদপত্রের পাশাপাশি রেডিও স্টেশন টপ স্পোর্ট, টাইমস রেডিও ও ভার্জিন রেডিওর মালিকও তিনি।
অস্ট্রেলিয়ার দি অস্ট্রেলিয়া, হেরাল্ড সান, ডেইলি টেলিগ্রাফ, টিভি স্টেশন স্কাই নিউজ অস্ট্রেলিয়ার মালিকানাও তার।
ডানপন্থি মার্ডক কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টিতে প্রভাব বিস্তার করে আসছেন। নিজের সংবাদ মাধ্যম নিয়ে ডনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন তিনি। সংবাদ সূত্র: সিএনএন
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)