বাগদাদে বিস্ফোরণে নিহত ১০
হতাহতের বেশিরভাগই নিজেদের এলাকার স্টেডিয়ামে খেলা অপেশাদার ফুটবলার।
ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চল এক বিস্ফোরণে ১০ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শনিবার একটি ফুটবল স্টেডিয়াম ও ক্যাফের কাছের গ্যারেজে এ বিস্ফোরণ হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, একটি গাড়ির সঙ্গে লাগানো বিস্ফোরক বিস্ফোরিত হওয়ার পর কাছাকাছি থাকা একটি গ্যাস ট্যাংকারও বিষ্ফোরিত হয়।
হতাহতের বেশিরভাগই নিজেদের এলাকার স্টেডিয়ামে খেলা অপেশাদার ফুটবলার।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদের পূর্বাঞ্চলে একটি গ্যারেজে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে অনেকে হতাহত হয়েছে। নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের ঘটনার তদন্ত করে দেখছে।
