Published : 28 Jan 2024, 11:32 AM
আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা বলা এবং মাদকাসক্ত হয়েও আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত তিন অপরাধে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডেলাওয়ারের ডিস্ট্রিক্ট কোর্টে হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যুক্তরাষ্ট্রে দায়িত্বরত কোনো প্রেসিডেন্টের সন্তানের ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার ঘটনা এটাই প্রথম।
হান্টার বাইডেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র এবং কর সংক্রন্ত কয়েকটি অভিযোগ নিষ্পত্তির জন্য চেষ্টা চললেও গত জুলাইয়ে তা ব্যর্থ হয়। এবার তিনি অভিযুক্ত হলেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, আগ্নেয়স্ত্রের লাইসেন্সের আবেদনে হান্টার বলেছিলেন যে, তিনি আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারকারী নন। কোনো মাদক বা উত্তেজক দ্রব্যেও আসক্ত নন। অথচ তিনি জানতেন, এর সবই মিথ্যা।
২০১৮ সালের অক্টোবরে ডেলাওয়ারের বন্দুকের দোকানে কোল্ট রিভলবার কেনার সময় হান্টার ওই মিথ্যা তথ্য দেন। তিনি ১১ দিন বন্দুকটি নিজের কাছে রেখেছিলেন।
হান্টারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের জেল হতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিচার বিভাগ। সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)