২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় আন্ডারগ্রাউন্ড কার পার্কে পানিতে ডুবে ৭ মৃত্যু

নিজেদের গাড়িগুলো বের করে আনতে আন্ডারগ্রাউন্ড কার পার্কে গিয়েছিলেন তারা, কিন্তু ধেয়ে আসা জলস্রোতে আটকা পড়ে যান।

দক্ষিণ কোরিয়ায় আন্ডারগ্রাউন্ড কার পার্কে পানিতে ডুবে ৭ মৃত্যু

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 03:58 PM

Updated : 07 Sep 2022, 03:58 PM

তাইফুন হিনামনয়ের তাণ্ডব চলার সময় দক্ষিণ কোরিয়ার একটি আন্ডারগ্রাউন্ড কার পার্ক পানিতে তলিয়ে যাওয়ার পর সেখানে আটকা পড়া ৭ ব্যক্তির মৃত্যু হয়।

নিজেদের গাড়িগুলো বের করে আনতে সেখানে গিয়েছিলেন তারা, কিন্তু ধেয়ে আসা জলস্রোতে আটকা পড়ে যান।

উদ্ধারকারীরা জানিয়েছেন, তারা সেখান থেকে দুই জনকে উদ্ধার করেছেন। জানা গেছে, এই দুই জন ১২ ঘণ্টারও বেশি সময় ধরে সিলিংয়ের পাইপ ধরে ঝুলেছিলেন।

এ পর্যন্ত চলতি বছরের সবচেয়ে শক্তিশালী তাইফুন হিনামন সোমবার দক্ষিণ কোরিয়ায় আঘাত হানে।

বিবিসি জানিয়েছে, উদ্ধারকারীরা মঙ্গলবার রাতে প্রায় পুরোপুরি ডুবে যাওয়া ওই বেসমেন্টের কয়েক মিটার ঘোলা পানির মধ্যেই সেখানে প্রবেশ করেন।

বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, বেসমেন্টে যাওয়া ৯ জনের সবাই ওই অ্যাপার্টমেন্ট ভবনটির বাসিন্দা। তাদের গাড়িগুলো কারপার্ক থেকে সরিয়ে নেওয়ার জন্য মঙ্গলবার সকালে বলেছিল অ্যাপার্টমেন্টটির ব্যবস্থাপনা দপ্তর।

পোহাং শহরের ঘটনাস্থল থেকে জীবিত ফেরা ত্রিশোর্ধ এক পুরুষ ও পাঞ্চাশোর্ধ এক নারী স্বাভাবিক আছেন বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সক ইয়ল বলেছেন, তাইফুন হিনামনয়ে পোহাং শহরটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডুবে মৃত্যুর এ ঘটনাকে ‘বিপর্যয়’ আখ্যায়িত করে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

“এই শোচনীয় ঘটনার জন্য আমি গত রাতে ঘুমাতে পারিনি,” বলেছেন তিনি।

শহরটিকে তিনি বিশেষ দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন। বুধবার বিকালে তিনি পোহাংয়ের ক্ষয়ক্ষতি দেখতে যাবেন বলে জানিয়েছেন।

তাইফুন হিনামনয়ের তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার ও মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলীয় উপকূল হিনামনয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় জলোচ্ছ্বাস, প্রবল ঝড় ও ভারি বৃষ্টিপাত হয়।