ইইউ নিষেধাজ্ঞার মুখে ইরান
দমনাভিযানের জেরে ইরানে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ইউক্রেইন যুদ্ধে ইরানের সংশ্লিষ্টতা প্রমাণ হলে আরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
মানবাধিকার দমনাভিযানের জেরে ইরানে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এছাড়াও, ইউক্রেইন যুদ্ধে ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আলাদাভাবে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কয়েকজন ইইউ মন্ত্রী।
ইরানে গত মাসে নীতি পুলিশের হেফাজতে মাশা আমিনি নামের এক তরুণীর মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভে সরকার যে দমনাভিযান চালিয়েছে, তাতে জড়িত ১৫ ইরানির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ জব্দের ব্যবস্থা নিচ্ছে ইইউ দেশগুলোর মন্ত্রীরা।
গত ১৩ সেপ্টেম্বর ২২ বছরের তরুণী মাশা আমিনি আটক হওয়ার পর ইরানের নীতি পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। কুর্দি অধ্যুষিত অঞ্চল থেকে আমিনি তার ভাইয়ের সঙ্গে তেহরানে গিয়েছিলেন। পুলিশের দাবি, মাশা হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
হিজাব ঠিকমত পরেননি অভিযোগে পুলিশ তাকে আটক করেছিল। মাশার পরিবারের দাবি, পুলিশ আটকের সময় তার মাথায় তাদের লাঠি দিয়ে কয়েকবার আঘাত করে এবং পুলিশের গাড়ির সঙ্গে তার মাথা ঠুকে দেয়। তারপর মাশা অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন কোমায় থাকার পর মাশা মারা যান।
এ ঘটনার প্রতিবাদে প্রথমে কুর্দি অধ্যুষিত শহরগুলোতে এবং পরে পুরো দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে এই বিক্ষোভে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মত। বিক্ষোভে দেড়শতাধিক মানুষ নিহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
লুক্সেমবার্গে ইইউ- এর এক বৈঠকে উপস্থিত হয়ে জার্মান পররাষট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক সাংবাদিকদের বলেন, “নারী, তরুণ ও অন্যান্যদের বিরুদ্ধে নৃশংস অপরাধ সংঘটনের জন্য দায়ীদের জবাবদিহি করাতে আমরা একটি নিষেধাজ্ঞা প্যাকেজ আনব।”
“এই নিষেধাজ্ঞার তালিকাভুক্তদের মধ্যে আছে, ইরানের তথাকথিত নীতি পুলিশ। সেখানে যে ধরনের অপরাধ চলছে সেদিকে তাকালে বলা যায়, এই নীতি পুলিশের এমন নামের আদতে কোনও সার্থকতা নেই।”
ওদিকে, ইউক্রেইন যুদ্ধে ইরানের সংশ্লিষ্টতা প্রমাণ হলে নিষেধাজ্ঞা কেবল কয়েকজন ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করার মধ্যে সীমিত থাকবে না বলে সতর্ক করেছেন লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জেন অ্যাসেলবর্ন। ইইউ বৈঠকে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে এই হুঁশিয়ারি দেন তিনি।
সম্প্রতি কয়েক সপ্তাহে ইউক্রেইন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে রাশিয়ার হামলা চালানোর খবর জানিয়েছে কিইভ। তবে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা ইরান অস্বীকার করেছে। ওদিকে, রাশিয়া এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপি কোফোড বলেছেন, “আমরা এখন যা দেখতে পাচ্ছি: ইরানি চালক বিহীন বিমান (ড্রোন) কিইভে হামলায় ব্যবহার হচ্ছে। এটি এক ধরনের নৃশংসতা। ইইউ- কে এর জবাব দিতে হবে এবং ইরানের বিক্ষোভ দমনের জবাবে বাস্তব পদক্ষেপ নিতে হবে।”
ফ্রান্স এবং জার্মানি মনে করে ইউক্রেইনে হামলায় রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহারের জবাবে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা অপরিহার্য। কারণ, ড্রোন এভাবে হস্তান্তর করাটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন।
