১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চার মাস পর এমপি হিসেবে ফিরলেন রাহুল গান্ধী

এক মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড হয়েছিল রাহুল গান্ধীর, এতে লোকসভায়ও অযোগ্য ঘোষিত হয়েছিলেন তিনি।

চার মাস পর এমপি হিসেবে ফিরলেন রাহুল গান্ধী

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 01:07 PM

Updated : 15 Apr 2024, 03:26 PM

‘মোদী’ পদবি নিয়ে মানহানির মামলায় আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ড স্থগিত হওয়ার দুই দিনের মধ্যেই এমপি পদ ফিরে পেলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

‘মোদী’ পদবি নিয়ে কটূক্তির অভিযোগে চার বছর আগে করা এক মানহানির মামলায় জড়িয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। ওই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছিল সুরাটের দায়রা আদালত।

শুক্রবার ভারতের সুপ্রিম কোট ওই শাস্তি স্থগিত করে। তার ৪৮ ঘণ্টা পর রাহুলকে ভারতীয় লোকসভার সদস্য পদ ফিরিয়ে দেন স্পিকার ওম বিড়লা।

সোমবার সকালে বিড়লার দপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশ জারি করার হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

মণিপুর রাজ্যের চলমান সহিংসতা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য বিরোধী জোট আইএনডিআইএ এর দাবিতে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশন যখন বারবার বিঘ্নিত হচ্ছে তখনই রাহুল পার্লামেন্টে ফিরছেন।

মঙ্গলবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনবেন বিরোধীরা, রাহুল তখন পার্লামেন্টে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেস জানিয়েছে, অনাস্থা প্রস্তাবের বিতর্কে রাহুল অন্যতম প্রধান বক্তা হিসেবে ভূমিকা রাখবেন বলে আশা করছে কংগ্রেস।

কংগ্রেসের একটি সূত্র আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় রাহুলের লোকসভায় আসার কথা রয়েছে।

কেলারাল ওয়েনাড থেকে নির্বাচিত এমপি রাহুল ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদী ও ললিত মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর নামের মিল থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন। বলেছিলেন, “সব চোরের পদবি মোদী হয় কী করে?”

রাহুলের সেই মন্তব্যের জেরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদী।

চলতি বছর মার্চেই গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। এ সাজার কারণে তিনি চার মাস আগে লোকসভায়ও অযোগ্য ঘোষিত হন।

 সাজায় স্থগিতাদেশ চেয়ে একের পর এক আদালতের দ্বারস্থ হচ্ছিলেন রাহুল। তার শেষ ভরসা ছিল সুপ্রিম কোর্ট। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তি পাওয়া রাহুল চার মাস পর লোকসভার অধিবেশনে যোগ দিয়ে বিতর্কে অংশ নেওয়ারও সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন:

পুরানো খবর:

‘মোদী’ পদবি মানহানির মামলায় সাজা স্থগিত, পার্লামেন্টে ফিরছেন রাহুল