২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের বন্দর নগরী রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: মাক্রোঁ

লোহিত সাগরে সৌদি আরবের তেল রপ্তানির প্রধান ইয়ানবু বন্দর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে পড়ায় এই সুরক্ষা ব্যবস্থা নিচ্ছে ফ্রান্স।

সৌদি আরবের বন্দর নগরী রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: মাক্রোঁ

ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 03:32 PM

Updated : 25 Sep 2026, 03:40 PM

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইয়ানবু রক্ষায় সেনা ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠানো হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। এই বন্দর জ্বালানি পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে টেলিভিশনে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে মাক্রোঁ একথা জানান।

ফ্রান্সে জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকার চাপের মধ্যে মাক্রোঁ ফরাসি নাগরিকদের আশ্বস্ত করে বলেন, আগামী শীতের জন্য দেশে পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুত আছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সম্প্রতি অপরিশোধিত তেলের দাম অনেক বেড়ে গেছে। কারণ, সৌদি আরব ইয়ানবু বন্দর ব্যবহার করে যে তেল পাঠাত, সেই পথ ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে।

এমানুয়েল মাক্রোঁ বলেন, "আমরা এই স্থানকে রক্ষা করার জন্য আমাদের সেনা, রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছি। আমরা কোনও সংঘাতে জড়াতে চাই না, কেবল এই জায়গাটিকে সুরক্ষিত রাখাই আমাদের উদ্দেশ্য।" বিশ্বে চলমান জ্বালানি পরিবহন সংকটে সৌদি আরবের তেল রপ্তানি লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় প্রধান বিকল্প পথ হিসেবে সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে তেল রপ্তানি করছিল। কিন্তু সেটিও হুতি হামলার কবলে পড়ার বিশ্ব বাজারে তেলের দাম আরও বেড়েছে।