ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসম্যানের গাড়ি ছিনতাই
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকের মুখে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এক সদস্যের গাড়ি ছিনতাই হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিনিধি হেনরি কুইয়ারের দিকে (৬৮) অস্ত্র তাক করে তার গাড়িটি নিয়ে যায় ছিনতাইকারীরা।
টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান প্রতিনিধি কুইয়ার মার্কিন ক্যাপিটল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নেভি ইয়ার্ড আবাসিক এলাকায় নিজের গাড়িটি পার্ক করেছিলেন, তখন তিনজন সশস্ত্র লোক তাকে ঘিরে ধরে।
ছিনতাইকারীরা তাকে কোনো আঘাত করেনি, পরে তার গাড়িটিও উদ্ধার করা হয়। কিন্তু ছিনতাইকারীদের ধরা যায়নি।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ বলেছে, সন্দেহভাজনদের খুঁজে বের করতে গোয়েন্দারা কাজ করছেন।
কুইয়ারের চিফ অব স্টাফ জানিয়েছেন, তার মোবাইল ফোন ও আইপ্যাডও নিয়ে গেছে ছিনতাইকারীরা। সেগুলো ফেরত পাওয়া গেছে কিনা তা স্পষ্ট হয়নি।
কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের রাজধানীতে গাড়ি ছিনতাইয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়টি সামাল দেওয়ার জন্য ২০২১ সালে নগরীর পুলিশ একটি টাস্কফোর্স গঠন করেছিল।
পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর শহরটিতে ৭৫০টি গাড়ি ছিনতাই বা চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ৭৫ শতাংশ ক্ষেত্রে বন্দুক ব্যবহার করা হয়েছে। সংবাদসূত্র: বিবিসি
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে:
