Published : 29 Jul 2023, 10:29 PM
লুন্ডেন রবার্টস তার মেয়ের পিতৃত্ব এবং ‘চাইল্ড সাপোর্টের’ দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আদালতে যান। জুনে সেই মামলার রায় হয়।
বিবিসি জানায়, এরপরই প্রথমবারের মত চার বছরের নেভিকে নিজের সপ্তম ‘গ্রান্ডচাইল্ড’ হিসেবে স্বীকৃতি দেন বাইডেন।
শুক্রবার বাইডেন বলেন, “জিল এবং আমি আমাদের নাতি-নাতনিদের জন্য যেটা সর্বোচ্চ ভালো হবে শুধু সেটাই চাই, নেভিও এর অন্তর্ভুক্ত।”
পিপুল ম্যাগাজিনে দেওয়া ওই বিবৃতিতে বাইডেন আরো বলেন, “এটা আমার পারিবারিক বিষয়, কোনো রাজনৈতিক ইস্যু নয়।”
হান্টার বাইডেন নেভির মা লুন্ডেন রবার্টেসের সাথে এখন এমন একটি সম্পর্ক গড়ে তুলতে কাজ করছেন যাতে ‘যতটা সম্ভব সম্পর্কের গোপনীয়তা রক্ষা তাদের মেয়ের সর্বোত্তম স্বার্থ বজায় রাখা যায়’, বলেও যোগ করেন তিনি।
এর আগে নিজের নাতনি হিসেবে নেভিকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিলেন বাইডেন। যে কারণে রিপাবলিক ও ডেমোক্রেটিক উভয় দল থেকেই তার তীব্র সমালোচনা করা হয়েছিল।
আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নেভি যে হান্টারেরই সন্তান তা প্রমাণিত হয়।
হান্টার বাইডেন ২০২১ সালে তার স্মৃতিকথায় নেভির মা রবার্টসের সঙ্গে তার সম্পর্কের ব্যাখ্যায় লিখেছিলেন, যখন তিনি মাদক ও মদে মারাত্মকভাবে আসক্ত ছিলেন সেই সময়ে তাদের দেখা হয়।
“ওই দেখা হওয়ার কোনো স্মৃতি আজ আর আমার মনে নেই।
“সেটা এতটাই কম সময়ের যোগাযোগ যে অন্য যেকারো সাথে তা হতে পারতো। আমি তখন বিপর্যস্ত ছিলাম, তবে আমি সেই বিপর্যয়ের দায় গ্রহণ করেছি।”
এই জুনে নেভির মায়ের সঙ্গে হান্টারের আইনী লড়াই শেষ হয়। তার আগে এপ্রিল মাসে বাইডেন বলেছিলেন, তিনি তার ছয় নাতি-নাতনির জন্য ‘পাগল’ এবং প্রতিদিন তিনি তাদের সঙ্গে কথা বলেন।
নেভিকে নিয়ে মামলার রায় ঘোষণার পর হাউজ রিপাবলিকান এলিস স্টেফানিক প্রেসিডেন্ট বাইডেনকে একজন ‘নিরুত্তাপ, হৃদয়হীন, স্বার্থপর এবং কাপুরুষ’ বলে বর্ণনা করেন।
ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমেরিকার প্রতিটি মানুষই জানে, আরো কয়েক বছর আগেই জো বাইডেনের সঠিক কাজটি করা উচিত ছিল, তার উচিত ছিলো তার সব নাতি-নাতনিকে স্বীকৃতি দেওয়া।”
হান্টার বাইডেনের আরো চার সন্তান রয়েছে। তাদের মধ্যে একটি ছেলেও রয়েছে যার নাম ‘বো’।
২০১৫ সালে অকালে মারা যাওয়া জো বাইডেনের ছেলের নামে তার নাম রাখা হয়েছে।