Published : 09 Jun 2026, 11:34 AM
ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
রোববার এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, নাসিরিয়ার কাছের এক মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায় আর সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়।
ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে দ্রুত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর সংখ্যা ২১ জনে দাঁড়ায়। পাশাপাশি আহত হয়েছে আরও ১৯ জন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক আর তাদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ইরাকে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। অতিরিক্ত গতি, সড়কের বেহাল দশা এবং ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ না হওয়ার কারণে দেশটিতে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।