Published : 03 Aug 2026, 11:05 PM
ব্যাংক হিসাব কেন বন্ধ রাখা হয়েছে তা নিয়ে ট্রাম্প অর্গানাইজেশনের করা মামলার জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ব্যাংক হোল্ডিং ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ক্যাপিটাল ওয়ান ফাইন্যান্সিয়াল কর্পোরেশন’।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প অর্গানাইজেশনের তিন শতাধিক ব্যাংক হিসাব অর্থপাচার বিরোধী তদন্তে বিশেষজ্ঞদের পর্যালোচনার ভিত্তিতে বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছে ক্যাপিটাল ওয়ান।
এর মধ্য দিয়ে প্রথম কোনও ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে অর্থ পাচারের ঝুঁকি বা উদ্বেগের কথা প্রকাশ করল।
ক্যাপিটাল ওয়ান আদালতের কাছে মামলা খারিজের আবেদন করার চেষ্টা নিচ্ছে। ট্রাম্প অর্গানাইজেশনকে অবৈধভাবে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত করা হয়েছে কিংবা ধর্মীয় বা রাজনৈতিক কারণে সেবা দেওয়া হয়নি- এমন দাবি বা অভিযোগ নিয়ে কর্পোরেশনটি সন্দেহ প্রকাশ করেছে।
তাই এই অভিযোগ খারিজ করার জন্য তারা আদালতের কাছে আবেদন করছে। তবে ক্যাপিটাল ওয়ান জোর দিয়ে বলেছে যে, তারা কখনও ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে অবৈধ অর্থ পাচারের অভিযোগ আনেনি।
শুক্রবার আদালতে দাখিল করা নথিতে ক্যাপিটাল ওয়ান বলেছে, “নথিপত্র এবং বাদীপক্ষের নিজস্ব অভিযোগ থেকেই স্পষ্ট যে, ক্যাপিটাল ওয়ান অর্থ পাচাররোধী তদন্তের জন্যই বাদীদের ব্যাংক হিসাবগুলো বন্ধ করেছিল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কয়েক মাসের বিশ্লেষণ এবং ক্যাপিটাল ওয়ানের অর্থ পাচাররোধী দলের সতর্ক পর্যালোচনার পর। ব্যাংকের নীতিমালা ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারেই তা করা হয়।”
ক্যাপিটাল ওয়ান ২০২১ সালের মার্চ মাসে ট্রাম্প-সংশ্লিষ্ট ৩০০’রও বেশি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করে নোটিশ দেয়। এরপর ট্রাম্প অর্গানাইজেশন এবং প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্প ২০২৫ সালের মার্চে ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে ক্যাপিটাল ওয়ানের বিরুদ্ধে মামলা করেন।
তাদের অভিযোগ ছিল, ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিল ভবনে সংঘটিত দাঙ্গা পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি থেকে লাভবান হওয়ার উদ্দেশ্যে এবং নিজেদের ‘ওয়োক নীতির’ কারণে ক্যাপিটাল ওয়ান কর্পোরেশন ব্যাংক হিসাবগুলো বন্ধ করেছে।
ভুলপথে পরিচালিত অভিযোগ: ক্যাপিটাল ওয়ান
মিয়ামির ফেডারেল আদালত ক্যাপিটাল ওয়ান মামলায় দুটি অভিযোগপত্র খারিজ করেছে। তবে প্রতিবারই বাদীপক্ষকে সংশোধিত অভিযোগপত্র দাখিলের সুযোগও দিয়েছে।
ক্যাপিটাল ওয়ান বলেছে, জুলাইয়ে দাখিল করা সর্বশেষ অভিযোগপত্রেও আগের দুটি অভিযোগপত্রের মতো একই মৌলিক ত্রুটি আছে।
ক্যাপিটাল ওয়ান শুক্রবার আদালতে দাখিল করা নথিতে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার যেসব অভিযোগ ট্রাম্প অর্গানাইজেশন করছে তা ‘ভুল ধারণার ওপর ভিত্তি করে’ করা হয়েছে এবং আদালতে জমা দেওয়া নথির আংশিক উদ্ধৃতির মাধ্যমে বিভ্রান্তিকরভাবে তুলে ধরা হয়েছে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যাংকের ওপর চাপ বাড়িয়েছে তার প্রশাসন। প্রশাসনের এই অবস্থান রক্ষণশীলদের সেই অভিযোগেরই প্রতিধ্বনি যে, এই প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ডানপন্থিদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।