Published : 26 Apr 2026, 07:35 PM
ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউজে সংবাদদাতাদের নৈশভোজে গুলির ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা সম্ভবত লক্ষ্যবস্তু ছিলেন বলে রোববার জানিয়েছেন ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যানশে।
শনিবারের ওই নৈশভোজে হামলাকারী আটক হওয়ার আগে শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছুড়েছিল। নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন।
তাদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকা ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তারাও নিরাপদ আছেন বলে ঘোষণা দেওয়া হয়।
এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্ল্যানশে বলেন, “এমনটি মনে হয়েছে যে, তিনি (হামলাকারী) আসলে প্রশাসনে যারা কাজ করে তাদেরকে নিশানা করেছিলেন, যার মধ্যে ছিলেন সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পও
হামলাকারী লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো ভ্রমণ করেছিলেন এবং তারপর ওয়াশিংটনে যান বলে ধারণা প্রকাশ করেছেন ব্ল্যানশে।
তিনি জানান, সোমবার হামলাকারীর বিরুদ্ধে ফেডারেল কোর্টে অভিযোগ আনা হবে। এই হামলার সঙ্গে ইরানের কোনও যোগসূত্র আছে কিনা তা জানেন না বলে জানান তিনি।
ব্ল্যানশের মতো মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের বলেছেন, তার বিশ্বাস তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
ট্রাম্প এর আগে ২০২৪ সাল থেকে দুইবার তার ওপর হামলাপ্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। এবারের নৈশভোজে হামলার ঘটনার পর বিশ্বজুড়ে নেতারা এর নিন্দা জানিয়েছেন।
ওয়াশিংটনের অন্তর্বর্তী পুলিশ প্রধান ক্যারোল জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী অ্যালেন হিলটন হোটেলে একজন অতিথি ছিলেন। তার কাছে শটগান, হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরিও ছিল। তিনি একাই হামলা চালিয়েছেন বলে পুলিশেল ধারণা।
তদন্তকারীরা অ্যালেনের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।