Published : 29 Jun 2026, 09:26 PM
জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেড শহরে ‘ইয়োথ ওয়েলফেয়ার সেন্টার’- এ গুলির ঘটনায় ছয় জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওয়েলফেয়ার সেন্টারের ভেতরে গুলিতে নিহত হন চার নারী ও এক পুরুষ। আর ষষ্ঠজন গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা গেছেন। নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক।
গুলির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন এই ঘটনার মূল সন্দেহভাজন বলে পুলিশের একজন মুখপাত্র বিবিসি-কে আগেই জানিয়েছিলেন।
পরে তিনি জানান তৃতীয় আরেকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারীর উদ্দেশ্য কি তা এখনও স্পষ্ট জানা যায়নি।
হামবুর্গের পশ্চিমের স্টেড শহরের এই ঘটনার পর এখন সাধারণ মানুষের জন্য আপাতত আর কোনও বিপদের আশঙ্কা নেই বলে সোমবার জানিয়েছেন কর্মকর্তারা।
শহরের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২ টা ১০ এর দিকে প্রথম এই হামলার খবর আসে। এরপর সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে।
পরে পুলিশ নিশ্চিত করে জানায় যে, ইয়োথ ওয়েলফেয়ার সেন্টারে নরহত্যার ঘটনা ঘটেছে এবং কয়েকজন এর শিকার হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং লোকজনকে এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে।
হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। তবে তাদের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি। হামলাস্থলে বেশকিছু সংখ্যক পুলিশ ও জরুরি কর্মকর্তা কাজ করছেন।