১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ট্রাম্প প্রশাসনের দক্ষতা নিয়ে সন্দিহান ৫৬% ভোটার, বলছে ফক্সের জরিপ

৬০ শতাংশ ভোটার বলছেন, দায়িত্ব পালনের মতো যথাযথ মেজাজ ট্রাম্পের নেই। ৫৫ শতাংশ প্রশ্ন তুলেছেন তার মানসিক সুস্থতা নিয়েও।

ট্রাম্প প্রশাসনের দক্ষতা নিয়ে সন্দিহান ৫৬% ভোটার, বলছে ফক্সের জরিপ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2026, 03:29 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

কেন্দ্রীয় সরকার পরিচালনায় ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের দক্ষতা নিয়ে সংখ্যাগরিষ্ঠ মার্কিন ভোটারের সন্দেহ আছে বলে উঠে এসেছে ফক্স নিউজের নতুন এক জরিপে।  

বুধবার প্রকাশিত এ জরিপে দেখা যাচ্ছে, মাত্র ৪৩ শতাংশ আমেরিকান ভোটার মনে করেন বর্তমান হোয়াইট হাউস তার কাজে দক্ষ।  

অবশ্য ক্ষমতাসীন প্রশাসনের প্রতি মার্কিনিদের এ অনাস্থার চিত্র নতুন নয়। ২০১৫ সালে সেসময়কার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের দক্ষতায় আস্থা ছিল মাত্র ৪৪ শতাংশের। জো বাইডেনের প্রশাসনের সময় তো অবস্থা ছিল আরও করুণ। ২০২২ সালে কেবল ৩৮ শতাংশ ভোটারের কাছেই ওই প্রশাসনকে দক্ষ মনে হয়েছিল।  

রিপাবলিকান ভোটারদের মধ্যে প্রতি ১০ জনের দুইজন এখনকার প্রশাসনকে অদক্ষ মনে করেন। ডেমোক্র্যাটদের প্রায় সবাই (প্রতি ১০ জনে ৯ জন), নিরপেক্ষদের প্রতি ১০ জনে ৭ জন, এমনকী ট্রাম্পের মেইক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের সমর্থক নন এমন রিপাবলিকানদেরও প্রতি ১০ জনে ৪ জন একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন। 

গত ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দৈবচয়নভিত্তিতে নির্বাচিত ১ হাজার ১ জন নিবন্ধিত ভোটারের ওপর এ জরিপ চালানো হয়। 

তাতে দেখা যায়, ৫৮ শতাংশই তার কাজে অসন্তুষ্ট। তার অভিবাসন নীতিতে আস্থা প্রকাশ করেছেন ৪৬ শতাংশ। পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও মূল্যস্ফীতি দমনের ব্যাপারে এ হার যথাক্রমে ৪০, ৩৪ ও ২৮ শতাংশ। ইরান ইস্যুতেও তার পক্ষে আছেন কেবল ৩৭ শতাংশ ভোটার।

কেবল সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাতেই তার ওপর ভোটারদের সন্তুষ্ট দেখা যাচ্ছে। জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশ-ই তার এ সংক্রান্ত কাজে খুশি।  

সংখ্যাগরিষ্ঠ ভোটার প্রেসিডেন্টের আচার-আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন। ৬০ শতাংশ বলেছেন, দায়িত্ব পালনের মতো যথাযথ মেজাজ ট্রাম্পের নেই। ২০২৪ সালের নির্বাচনের আগে এমন ভাবা ভোটারের সংখ্যা ছিল ৫২%। 

ফক্সের সর্বশেষ এ জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশ মনে করেন ট্রাম্পের সঠিক বিচারবুদ্ধির অভাব রয়েছে, ৫৫ শতাংশ প্রশ্ন তুলেছেন তার মানসিক সুস্থতা নিয়েও, ২০২৪ সালের শেষদিকের তুলনায় এটি ৭ শতাংশ বেশি। 

কেবল ট্রাম্পই নন, তার প্রশাসনের অন্য শীর্ষ কর্মকর্তাদের ব্যাপারেও ভোটারদের অনাস্থা প্রকট। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আস্থা দেখা যাচ্ছে ৪৪ শতাংশের, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাজে সন্তুষ্ট মাত্র ৪১ শতাংশ। 

রিপাবলিকান পার্টির মধ্যে যে দ্বিধাবিভক্তি ক্রমশ স্পষ্ট হচ্ছে, এবারের জরিপেও তার ইঙ্গিত মিলেছে। দেখা গেছে, ৮০ শতাংশের বেশি মেইক আমেরিকা গ্রেট এগেইন সমর্থক ভ্যান্স, রুবিও ও হেগসেথের কাজে খুশি, কিন্তু যারা এই গোষ্ঠীর নন তাদের মধ্যে বেড়েছে অসন্তোষ।