আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৮ জনের মৃত্যু
আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের ইসলামাবাদ ও ভারতের নয়া দিল্লিতেও তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে।
আফগানিস্তানে ভূমিকম্পের মধ্যে রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে আটজন নিহত ও একটি শিশু আহত হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।
জার্মানির জিওসায়েন্স রিসার্চ সেন্টার (জিএফজেড) জানিয়েছে, শুক্রবার আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১৭৭ কিলোমিটার গভীরে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, আফগানিস্তানের কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও ভারতের নয়া দিল্লিতেও তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে।
আফগানিস্তান উচুঁনিচু পর্বতে ঘেরা একটি দেশ। এই দেশটি প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। এসব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প সবচেয়ে প্রাণঘাতী, প্রতি বছর গড়ে প্রায় ৫৬০ জন মানুষের মৃত্যু হয়।
এর আগে নভেম্বরে আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ২৭ জনের মৃত্যু ও বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।
