১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পোল্যান্ডে ইউক্রেইনকে সহায়তা পাঠানোর রেললাইনে ‘নাশকতা’

বিস্ফোরক ডিভাইস দিয়ে রেললাইন উড়ানো হয়েছে জানিয়ে একে পোল্যান্ড এবং সাধারণ মানুষের নিরাপত্তায় সরাসরি আঘাত বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

পোল্যান্ডে ইউক্রেইনকে সহায়তা পাঠানোর রেললাইনে ‘নাশকতা’
পোল্যান্ডের রেললাইনের বিস্ফোরণস্থল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 12:37 AM

Updated : 26 Aug 2026, 05:08 PM

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ ও পূর্বাঞ্চলীয় শহর লুবলিনের মধ্যকার একটি রেললাইন এ সপ্তাহান্তে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই রেলপথ দিয়ে ইউক্রেইনে সাহায্য পরিবহন করা হয়। 

সেকারণে গুরুত্বপূর্ণ এই রেলপথে  বিস্ফোরণের ঘটনাকে সোমবার ‘নজিরবিহীন নাশকতা’ বলেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, বিস্ফোরক ডিভাইস দিয়ে রেললাইন উড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে পোল্যান্ডের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় সরাসরি আঘাত বলে উল্লেখ করেছেন তিনি।

একই রেললাইনের আরও কিছু অংশ ধ্বংস হতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী টাস্ক। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। 

সোমবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারসিন বলেন, সপ্তাহান্তে দুটো আলাদা ঘটনা ঘটেছে। একটি নিশ্চিতভাবেই নাশকতা। আর আরেকটি নাশকতা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল।

তবে এই দুটি ঘটনায় জড়িত সন্দেহে কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। প্রধানমন্ত্রী টাস্ক অপরাধীদের ধরার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লিয়েন বলেছেন, ইউরোপের নিরাপত্তায় হুমকি বাস্তব এবং তা বাড়ছে। ইউরোপ মহাদেশকে জরুরি ভিত্তিতে নিজেদের আকাশ এবং অবকাঠামোকে সুরক্ষিত রাখতে জরুরি ভিত্তিতে সক্ষমতা বাড়াতে হবে।

সিএনএন জানায়, এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মাইকেল রেললাইনের ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানিয়েছেন। এক্সে এক পোস্টে তিনি লেখেন, তার দেশ পোল্যান্ডের পাশে আছে।

“ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা সামরিক জোট নেটো সদস্যদের বিরুদ্ধে বৈরি কর্মকাণ্ড নেপথ্যে যারা আছে তাদেরকে প্রকাশ্যে আনা হবে এবং এর বিরুদ্ধে একযোগেই আমরা জবাব দেব,” বলেছেন তিনি।

ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহাও রেললাইন উড়ানোর ঘটনায় পোল্যান্ডের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।