Published : 11 Aug 2026, 11:19 AM
লিবিয়ার পূর্বাঞ্চলীয় লিবিয়ান ন্যাশনাল আর্মির সামরিক গোয়েন্দা প্রধান তার গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন।
সোমবার বেনগাজি শহরের হাওয়ারি এলাকায় গোয়েন্দা প্রধানের নিজ বাড়ির সামনে ঘটনাটি ঘটে বলে দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যার ওই বিস্ফোরণে ব্রিগেডিয়ার ফউজি মানসুরি নিহত হন। তার ব্যক্তিগত গাড়িতে আগে থেকেই একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস পেতে রাখা হয়েছিল, তিনি বাড়ির কাছে গিয়ে গাড়ি থেকে নামার আগেই সেটি বিস্ফোরিত হয়।
এই হামলার জন্য কারা দায়ী বা ব্যবহৃত বোমা সম্পর্কে আর বিস্তারিত কোনো তথ্য জানাননি তারা।
২০১১ সালে পশ্চিমা সামরিক জোট নেটো সমর্থিত সশস্ত্র অভ্যুত্থানে লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে দেশটি অস্থিতিশীল হয়ে আছে। ২০১৪ সালে দেশটির ত্রিপোলিভিত্তিক পশ্চিমাঞ্চল ও বেনগাজিভিত্তিক পূর্বাঞ্চল দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে যায়।
কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। আর লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার রাজধানী ত্রিপোলিসহ পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
নিহত মানসুরি লিবিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম শীর্ষ ও প্রভাবশালী গোয়েন্দা কর্মকর্তা ছিলেন।
২০২০ সালে ত্রিপোলি ও বেনগাজির মধ্যে একটি যুদ্ধবিরতি হওয়ার পর থেকে দুপক্ষের মধ্যে বড় ধরনের লড়াই, সংঘাত থেমে ছিল। কিন্তু এখন এক পক্ষের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বোমা হামলায় নিহত হওয়ার পর নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কোনো গোষ্ঠী এ হত্যার দায় স্বীকার করেনি। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে লিবিয়ার নিরাপত্তা বাহিনী।