১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্যাংককে ভেঙে পড়া ভবনগুলো বেশিরভাগই নির্মাণাধীন ছিল

শুক্রবার দুটি ভূমিকম্প হয় মিয়ানমারে। সেই কম্পন অনুভূত থাইল্যান্ডসহ আরও চারটি দেশে।

ব্যাংককে ভেঙে পড়া ভবনগুলো বেশিরভাগই নির্মাণাধীন ছিল
ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 02:13 AM

Updated : 10 Sep 2026, 12:37 PM

থাইল্যান্ডে ভূমিকম্পে ভেঙে পড়া ভবনগুলো বেশিরভাগই নির্মাণাধীন ছিল বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র।

ব্যাংককের গভর্নর এর আগে জানিয়েছিলেন যতটা আশঙ্কা করা হয়েছিল ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ততটা হয়নি।

ব্যাংককের ভবনগুলো মানসম্মতভাবে তৈরি। সে কারণে ক্ষয়ক্ষতি সামান্যই হয়েছে জানিয়ে এক সংবাদ সম্মেলনে জনগণকে আশ্বস্ত করেছিলেন তিনি।

তবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভূমিকম্পে নির্মাণাধীন একটি আকাশচুম্বী ৩০ তলা ভবন ভেঙে পড়েই বেশকিছু মানুষ নিহত এবং নিখোঁজ  হওয়ার তথ্য সামনে আসছে।

এরই মধ্যে বহুতলের ওই ধ্বংসস্তুপে অন্তত ৭ জন নিহত এবং ১১৭ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বিবিসি’র একটি ভিডিও ফুটেজে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা গেছে সেই আকাশচুম্বী ভবনকে। আশেপাশের মানুষরা তখন পড়িমরি করে ছুটে পালাচ্ছিল।

থাইল্যাণ্ডের এমন অনেক বহুতল ভবন থেকে ভূমিকম্পের সময় মুষ্টি আকারের হাজার হাজার পাথর পড়তে দেখার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

তিনি বলেন, ২০ তলা ভবন থেকে পড়া এমন পাথরের আঘাত লাগলে মানুষ মারা যাবে। বহুতল ভবনগুলোর কাছে থাকা গাড়ি পার্কিং এলাকাগুলো সব বিধ্বস্ত হয়ে গেছে বলে জানান তিনি।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভূমিকম্পের সময় একটি রাস্তা ধরে এগুনোর সময় বহুতলগুলির দিকে তাকাতেই বুক কেঁপে উঠেছিল।

বহুতল ভবনগুলো ভয়ানক ভাবে দুলছিল। মনে হচ্ছিল এই বুঝি গায়ের ওপর ভেঙে পড়বে। সেগুলোর মাথায় থাকা সুইমিং পুল থেকে জলপ্রপাতের মতো পানি ছলকে নীচে পড়ছিল।

তিনি জানান, তার পরিবার সুরক্ষিত আছে। তবে যে বাড়িতে তারা থাকেন, সেই বাড়িতে খুব ক্ষতি না হলেও ভূমিকম্পের জেরে ফাটল ধরেছে।