Published : 19 Jun 2026, 11:29 PM
চীনের উহানের যে ল্যাব (পরীক্ষাগার) থেকে করোনাভাইরাস ছড়িয়েছিল বলে মনে করা হয়, সেখানে তহবিল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সেই সময়কার স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউচি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) বিদায়ী পরিচালক তুলসী গ্যাবার্ড তার পদ ছাড়ার আগে কিছু নথি প্রকাশ করে এই দাবি করেছেন। এই নথি আগে কখনও প্রকাশ হয়নি।
গ্যাবার্ড জানান, ২০২০ সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্রে কোভিড ছড়াতে শুরু করলে বাইডেন প্রশাসনের তা মোকাবেলার পন্থার নেতৃত্বে ছিলেন ফাউচি।
চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি-তে বাদুড়ের করোনাভাইরাস নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ‘গেইন-অব-ফাংশন’ গবেষণার জন্য লাখ লাখ মার্কিন ডলার তহবিল জুগিয়েছিলেন তিনি।
এমনকি, ওই ল্যাব থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি ফাউচি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে দাবি করেছে তুলসির কার্যালয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই নথিই প্রকাশ করে দিয়েছে যে, কোভিড-১৯ নিয়ে গোয়েন্দাদের অনুসন্ধানকে প্রভাবিত করা এবং ভুল পথে চালিত করায় ফাউচির সরাসরি ভূমিকা ছিল।
“২০২৪ সালে কংগ্রেসের সামনেও তিনি মিথ্যা বলেছেন। ভাইরাস নিয়ে গবেষণার বিষয়টি জানা থাকা এবং এ বিষয়ে নিজের জড়িত থাকার কথাও তিনি অস্বীকার করেছেন।’’
কংগ্রেসের শুনানিতে শপথ নিয়ে ফাউচি দাবি করেছিলেন, মহামারী চলাকালে বা তার আগে পরে ভাইরাসের গবেষণা নিয়ে মার্কিন গোয়েন্দাদের সঙ্গে তার কোনও আলোচনা হয়নি। কিন্তু নথি প্রমাণ করে যে, ফাউচি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রেখেছিলেন।
অ্যান্থনি ফাউচি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজ-এর (এনআইএআইডি) প্রধান ছিলেন ৩৮ বছর। ২০২২ সালের ডিসেম্বরে তিনি পদত্যাগ করেন।
ফাউচিই ছিলেন পর্দার আড়ালের সেই মার্কিন উপদেষ্টা যিনি নিজের বাছাই করা বিশেষজ্ঞদের কাজে লাগিয়েছিলেন। কোভিড মহামারীর সূচনা হিসাবে প্রাকৃতিক বা প্রাণিজ উৎসের তত্ত্ব মেনে নিতে গোয়েন্দা সংস্থাগুলোকে চাপ দিয়েছিলেন তিনি।
অর্থায়ন করা বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ গবেষণার কথা আড়াল করতেই ফাউচি একাজ করেছিলেন বলে অভিযোগ তুলসীর কার্যালয়ের। তার কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতারণামূলক একটি গবেষণাপত্রকে গোয়েন্দাদের বিবেচনার জন্য নির্ভরযোগ্য তথ্য হিসাবে তুলে ধরেছিলেন ফাউচি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গোয়েন্দাপ্রধানের পদ থেকে গত মাসেই পদত্যাগ করা তুলসী গ্যাবার্ড কার্যালয় ছাড়ার আগে ফাউচির বিরুদ্ধে এসব অভিযোগ প্রকাশ্যে আনলেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড মহামারী যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এত বছরের মিথ্যাচার, তথ্য আড়াল করা এবং সত্য ধামাচাপা দেওয়ার পর স্বচ্ছতা, সত্য জানা এবং দায়বদ্ধতা মার্কিনিদের প্রাপ্য। ফাউচি নিজের অপকর্ম ঢাকতে ক্ষমতার অপব্যবহার করেছেন। দেশকে সুরক্ষিত রাখার জন্য যা করণীয়, তা তিনি করেননি।’’
সূত্র: এনডিটিভি