দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলিতে শিশুসহ অন্তত ১১ জন নিহত
অপরাধ জর্জরিত দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দেওয়া একের পর এক নির্বিচার গুলিবর্ষণের সর্বশেষ ঘটনাটি এটি।
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিল টাউনশিপের একটি হোস্টেলে বন্দুকধারীদের নির্বিচার গুলিতে তিন বছরের এক শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় ভোরে ঘটনাটি ঘটেছে। ওই হোস্টেলে বন্দুকধারীদের হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন; জানিয়েছে বিবিসি।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা মাথে বলেন, “অন্তত তিনজন অজ্ঞাত বন্দুকধারী হোস্টেলটিতে প্রবেশ করে। সেখানে একদল লোক পানরত অবস্থায় ছিল। বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে নির্বিচার গুলিবর্ষণ করে।”
কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ গেপ্তারও হয়নি। অপরাধ জর্জরিত দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দেওয়া একের পর এক নির্বিচার গুলিবর্ষণের সর্বশেষ ঘটনাটি এটি।
প্রকাশিত খবর অনুযায়ী, বন্দুকধারীরা ভোর সাড়ে ৪টার সময় হোস্টেলটিতে প্রবেশ করে পানরত ওই লোকজনের ওপর গুলি চালায়। এতে যারা নিহত হন তাদের মধ্যে ১২ বছর বয়সী এক বালক ও ১৬ বছর বয়সী এক কিশোরী রয়েছেন।
“মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন,” বলেন মাথে।
ওই হোস্টেলটিকে একটি ‘অবৈধ মদের ক্লাব’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “এইসব অবৈধ ও লাইসেন্সবিহীন মদের আসর নিয়ে আমরা কঠিন সমস্যায় আছি। এসব জায়গায়ই অধিকাংশ নির্বিচার গুলিবর্ষণের ঘটনাগুলো ঘটে। গোলাগুলির মধ্যে অনেক নিরপরাধ মানুষও মারা পড়ে।”
বিশ্বের সর্বাধিক খুনের হার আছে, এমন দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন প্রায় ৬৩ জন খুন হয়েছেন
