২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুদান বন্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ অবৈধ ছিল: আদালত

হোয়াইট হাউজের সঙ্গে বহুমুখী সংঘাত অবসানে একটি চুক্তির চেষ্টায় থাকা হার্ভার্ডের জন্য আদালতের এই রায়কে বড় আইনি জয় হিসেবে দেখা হচ্ছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুদান বন্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ অবৈধ ছিল: আদালত
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 04 Sep 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন বেআইনিভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আর্থিক অনুদান বন্ধ করেছে বলে রায় দিয়েছেন এক ফেডারেল বিচারক।

বুধবার বোস্টনের জেলা আদালতের বিচারক অ্যালিসন বারোস রায় দেন, ২২০ কোটি ডলারেরও বেশি অনুদান বন্ধের সিদ্ধান্ত আইনসম্মত ছিল না এবং ভবিষ্যতেও হার্ভার্ডের গবেষণা অর্থায়ন বন্ধ করতে পারবে না প্রশাসন।

হোয়াইট হাউজের সঙ্গে বহুমুখী সংঘাত অবসানে একটি চুক্তির চেষ্টায় থাকা হার্ভার্ডের জন্য আদালতের এই রায়কে বড় আইনি জয় হিসেবে দেখা হচ্ছে।

কেমব্রিজভিত্তিক এই আইভি লিগ বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের নজরে আসে মূলত ইহুদিবিদ্বেষের অভিযোগে। প্রশাসন অভিযোগ করে, হার্ভার্ড ইহুদি শিক্ষার্থীদের হয়রানি ঠেকাতে ব্যর্থ হয়েছে। 

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয়, সে বিষয়ে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু সরকারের দেওয়া শর্তগুলি মানতে রাজি ছিল না হার্ভার্ড কর্তৃপক্ষ।

এর পরেই ‘শাস্তি’ হিসাবে প্রথমে ২০০ কোটি ডলারেরও বেশি অনুদান বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। পরে আরও অনুদান বন্ধ করা হয়। 

হার্ভার্ড পাল্টা মামলা করে জানায়, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের চাপ দিয়ে শাসনব্যবস্থা, নিয়োগ ও একাডেমিক কার্যক্রমে হস্তক্ষেপের চেষ্টা করছিল প্রশাসন।

এবার আদালতের রায়ে গবেষণা খাতে অনুদান বন্ধের পদক্ষেপ নিয়ে ধাক্কা খেলেন ট্রাম্প। বিচারক বারোস রায়ে বলেন, “হার্ভার্ড দীর্ঘদিন ধরে ঘৃণামূলক আচরণ সহ্য করেছে, কিন্তু ট্রাম্প প্রশাসন ইহুদিবিদ্বেষকে অজুহাত বানিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে মতাদর্শ-চালিত আক্রমণ চালিয়েছে।”

তিনি আরও বলেন, আদালতের দায়িত্ব হল অ্যাকাডেমিক স্বাধীনতা রক্ষা করা এবং গবেষণা অনুদান যেন রাজনৈতিক চাপে ইচ্ছামতো বাতিল না হয় তা নিশ্চিত করা।

রায়ের ফলে প্রশাসন আর হার্ভার্ডের অনুদান বাতিল বা স্থগিত করতে পারবে না, বিদ্যমান অর্থ আটকে রাখা বা নতুন অর্থায়ন বন্ধ করতেও পারবে না।

হোয়াইট হাউজের মুখপাত্র লিজ হিউস্টন এক বিবৃতিতে রায়কে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়ে বলেন, “হার্ভার্ডের করদাতাদের অর্থ পাওয়ার সাংবিধানিক অধিকার নেই এবং ভবিষ্যতে অনুদান পওয়ার যোগ্য নয়।”

ওদিকে, হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক বার্তায় বলেন, “আদালতের রায় আমাদের একাডেমিক স্বাধীনতা, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা এবং মার্কিন উচ্চশিক্ষার মূল নীতিগুলো সুরক্ষার দাবি প্রমাণ করেছে।”

তবে প্রশাসনের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে তিনি কিছু বলেননি। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, সমঝোতা হলে হার্ভার্ডকে অন্তত ৫০ কোটি ডলার দিতে হবে, কারণ বিশ্ববিদ্যালয় ‘খুব খারাপ আচরণ করেছে’।

আইভি লিগের আরও তিনটি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে প্রশাসনের সঙ্গে চুক্তি করেছে। এর মধ্যে কলাম্বিয়া ইউনিভার্সিটি অভিযোগ মেটাতে জুলাইয়ে ২২ কোটি ডলার দেওয়ার ব্যাপারে সম্মত হয়।

ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের পেছনে ছিল মূলত গাজায় যুদ্ধ শুরুর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থি আন্দোলন ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ। 

হার্ভার্ড জানিয়েছে, ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের প্রতি ‘নিন্দনীয় আচরণ’ ঠেকাতে তারা ব্যবস্থা নিয়েছে। হার্ভার্ডের গবেষণা অনুদান বন্ধের মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনও পাশে দাঁড়ায়। 

সংগঠনটির আইনজীবীরা বিবৃতিতে বলেন, “আদালতের রায় পরিষ্কার করে দিয়েছে, সরকারের সঙ্গে সমঝোতা করে হার্ভার্ড কর্তৃপক্ষের অধিকার খর্ব করা গ্রহণযোগ্য নয়।”