১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেবাননের দক্ষিণাঞ্চলে আরেক ইসরায়েলি সেনা নিহত

এই সেনা তথাকথিত ‘ফ্রেন্ডলি ফায়ারে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ।

লেবাননের দক্ষিণাঞ্চলে আরেক ইসরায়েলি সেনা নিহত
দক্ষিণ লেবাননের অভিযানরত ইসরায়েলি সেনা। ছবি: আইডিএফ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 02:14 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সেনা নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছে। 

শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম শেবায় হতাহত হন তারা। এই সেনারা তথাকথিত ‘ফ্রেন্ডলি ফায়ারে’ হতাহত হয়েছেন বলে দাবি করেছে আইডিএফ, জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

নিহত সেনা পদবী সার্জেন্ট ফার্স্ট ক্লাশ, তার বয়স ২১ বছর। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো ব্রিগেড ম্যাগলান ইউনিটের সদস্য ছিলেন। 

হিজবুল্লাহকে সাহায্য করছে, এমন অভিযোগে একটি ব্যক্তিকে আটক করতে ম্যাগলানের কমান্ডোরা শেবায় অভিযান চালাতে গিয়ে এ ঘটনার শিকার হয়। 

আইডিএফ জানিয়েছে, অভিযান চলাকালে এক সেনা ভেবেছে সে সন্দেহভাজনকে শনাক্ত করেছে আর সে পালিয়ে যাচ্ছে, তাই সে গুলি করে। তার গুলিতে এক সেনা ঘটনাস্থলেই নিহত ও আরও একজন গুরুতর আহত হন। 

এ ঘটনা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী ওই সন্দেহভাজনকে আটক করে তাদের হেফাজতে নিয়েছে বলে আইডিএফ জানিয়েছে। তারা এ ঘটনাটি নিয়ে আরও তদন্ত করা হবে বলে ঘোষণা করেছে। 

ইরানের পক্ষ নিয়ে ২ মার্চ থেকে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধ যোগ দেয় লেবাননের সশস্ত্র শিয়া রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ। তারপর মার্চের মাঝামাঝি দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের অন্তত ১১ সেনা নিহত হয়েছে। 

হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থামাতে ইসরায়েলে বাহিনী লেবাননে স্থল অভিযান শুরু করলেও ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ইরানপন্থি গোষ্ঠীটির রকেট হামলা বন্ধ করতে পারেনি তারা। শনিবার সারাদিন ধরেই ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।  

এসব হামলায় ইসরায়েলের অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অপরদিকে নিজেদের কামানের গোলায় উত্তরাঞ্চলে ইসরায়েলের এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

শনিবার সকালে ইসরায়েলের কিরিয়াত শামোনা শহরে হিজুবল্লাহর একটি রকেট আঘাত হানে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ওই সময় কোনো সতর্কতা সংকেত বাজেনি। যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে শহর কর্তৃপক্ষ দাবি করেছে।