১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হাঙ্গেরিতে দুর্ঘটনায় পোল্যান্ডের পর্যটকবাহী বাস, নিহত ১২

দ্রুতগামী বাসটি মেজোকেরেসতেশ শহরের কাছে এম৩ মহাসড়ক থেকে পাশের একটি নালায় পড়ে উল্টে যায়।

হাঙ্গেরিতে দুর্ঘটনায় পোল্যান্ডের পর্যটকবাহী বাস, নিহত ১২
ঘটনাস্থল থেকে আসা ছবিতে দেখা গেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি লাল রঙের বাস নালারটির একপাশে পড়ে আছে। ছবি: ডব্লিউআরইজি ডটকম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 03:19 PM

Updated : 16 Sep 2026, 05:10 PM

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পযটকবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে ১২ জন নিহত হয়েছে বলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী পেতের মদিয়ার জানিয়েছেন। 

রোববার সকালে এক ফেইসবুক পোস্টে মদিয়ার জানান, এদিন ভোররাতের এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে। 

পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে মেজোকেরেসতেশ শহরের কাছে এম৩ মহাসড়ক থেকে দ্রুতগামী বাসটি পাশের একটি নালায় পড়ে উল্টে যায়। বাসটি তখন হাঙ্গেরির নিয়িরেজহাজ শহরের দিকে যাচ্ছিল। এম৩ মহাসড়কটি উত্তরপূর্বাঞ্চলীয় শহর নিয়িরেজহাজকে রাজধানী বুদাপেস্টের সঙেগ্ সংযুক্ত করেছে।  

হাঙ্গেরির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমটিআই জানিয়েছে, বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন। এ পর্যন্ত দুই চালককে ও ৩৫ জন যাত্রীকে উদ্ধার করেছে দমকলকর্মীরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কিন্তু দেশটির জরুরি বিভাগ জানিয়েছে, তারা প্রাণ সংশয়কারী আঘাত পাওয়া একজনকে, গুরুতর আঘাত পাওয়া নয়জনকে ও ছোটোখাটো আঘাত পাওয়া ৩৭ জনকে চিকিৎসা দিয়েছে।

ঘটনাস্থল থেকে আসা ছবিতে দেখা গেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি লাল রঙের বাস নালারটির একপাশে পড়ে আছে। বাসটির জানালাগুলো দুমড়েমুচড়ে গেছে আর যাত্রীদের জিনিসপত্র ও সুটকেস এলোমেলোভাবে পড়ে আছে।  

পুলিশ কর্মকর্তাদের ধারণা, বাসটির চালক ঘুমিয়ে পড়াতে এ দুর্ঘটনাটি ঘটেছে। ওই চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।