Published : 21 Aug 2025, 03:34 PM
চীনের এক এজেন্টের কাছে গোপন তথ্য বিক্রি করে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন এক নৌসেনা।
জিনচাও উই নামের ২৫ বছর বয়সী এ মার্কিন নাগরিককে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে দলে ভিডিয়েছিলেন ওই চীনা গোয়েন্দা।
গুপ্তচরবৃত্তি, গুপ্তচরবৃত্তি সম্পাদনে ষড়যন্ত্র ও মার্কিন নৌবাহিনীর জাহাজ সংক্রান্ত সংবেদনশীল তথ্য বেআইনিভাবে অন্য কারও কাছে হস্তান্তরসহ ছয়টি অভিযোগে উই দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
চীনের এক গোয়েন্দা কর্মকর্তা তথ্য পেতে উইকে দেড় বছরে ১২ হাজার ডলারের বেশি দিয়েছিলেন। ইউএসএস এসেক্স ও অন্যান্য নৌযান সম্বন্ধে তথ্য পেতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওই চীনা গোয়েন্দা উইয়ের দ্বারস্থ হন।
২০২৩ সালের অগাস্টে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়ার সময় উই উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস এসেক্সে কর্মরত ছিলেন।
উই অনেকের কাছে প্যাট্রিক উই নামেও পরিচিত।
“অভিযুক্তের কার্যকলাপ মার্কিন সেনাবাহিনীর সদস্য হিসেবে তার ওপর অর্পিত বিশ্বাসের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল। অর্থের বিনিময়ে গণচীনের কাছে সামরিক গোপন তথ্য বিক্রি কেবল তার সহ-সৈনিকদের জীবনই বিপন্ন করেনি, একইসঙ্গে তা যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের নিরাপত্তাও হুমকির মুখে ফেলেছে,” রায় ঘোষণার পর দেওয়া বিবৃতিতে বলেন মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া উই মেশিনিস্ট সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন, নিরাপত্তা ছাড়পত্র থাকায় যুদ্ধজাহাজ এসেক্স ও প্রশান্ত মহাসাগরীয় বহরের অন্যন্যা জাহাজের সংবেদনশীল তথ্যে প্রবেশাধিকার ছিল তার।
বিচার চলাকালে কৌঁসুলিরা উইয়ের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে চীনা ওই গোয়েন্দার সঙ্গে তার ফোনালাপ, ইলেকট্রনিক বার্তা ও অডিও বার্তা বিনিময় সংক্রান্ত তথ্যপ্রমাণ হাজির করেন।
উই তার চীনা তত্ত্বাবধানকারীকে ‘বিগ ব্রাদার এন্ডি’ নামে ডাকতেন। চীনা গোয়েন্দার অনুরোধে তিনি একাধিক এনক্রিপটেড অ্যাপও ব্যবহার করেছেন, যার সাহায্যে তাদের যোগাযোগ ও আর্থিক লেনদেন হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে উই তার চীনা হ্যান্ডলারের দেওয়া নতুন একটি কম্পিউটার ও ফোনও ব্যবহার করেছেন।
মার্কিন এ নৌসেনা যে জেনেবুঝেই গুপ্তচরবৃত্তি করছিলেন তার প্রমাণস্বরূপ আদালতে তার ও তার মায়ের কথোপকথনও উপস্থাপন করা হয়।
“মার্কিন নৌবাহিনীতে কাজ করা অন্য চীনারা যেখানে কী করে আরও অর্থ কামানো যায় তা নিয়ে চিন্তা করে যাচ্ছে এবং ক্যাব চালাচ্ছে, সেখানে আমি গোপন তথ্য ফাঁস করছি,” মা’কে লেখা বার্তায় এমনটাই বলেছিলেন উই।
প্রত্যুত্তরে তার মা লিখেছিলেন, “চমৎকার কাজ।”
বিবিসি লিখেছে, উই যখন মার্কিন নাগরিক হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন এক চীনা এজেন্ট তাকে প্রলুব্ধ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে ওই চীনা গোয়েন্দা কর্মকর্তা তাকে দলে ভেড়ান। ওই কর্মকর্তা প্রথমে নিজেকে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত জাহাজনির্মাণ খাতে কাজ করা একজন নৌবাহিনীপ্রেমিক হিসেবে উপস্থাপন করেছিলেন।
তথ্যপ্রমাণ বলছে, উই ওই চীনা গোয়েন্দার কাছে এসেক্সের ছবি ও ভিডিও পাঠিয়ছেন, মার্কিন নৌবাহিনীর বিভিন্ন জাহাজ কোথায় কোথায় অবস্থান করতে পারে সে বিষয়ে ধারণা দিয়েছিলেন এবং এসেক্সে কী কী প্রতিরক্ষামূলক অস্ত্র আছে সে সম্বন্ধে বলেছিলেন। তিনি এসেক্স ও অন্যান্য জাহাজের কোথায় কোথায় কী ধরনের ত্রুটি আছে তাও ওই চীনা গোয়েন্দাকে বলেন।
উইয়ের সাজা আগামী ১ ডিসেম্বর ঘোষণা করার কথা। তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
দোষী সাব্যস্ত উইয়ের মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কোনো মন্তব্য পায়নি।
উইয়ের পাশাপাশি গুপ্তচরবৃত্তির দায়ে পেটি অফিসার ওয়েনহেং ঝাও’কেও গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধেও ১৪ হাজার ৮০০-র বেশি ডলারের বিনিময়ে চীনা এক গোয়েন্দা কর্মকর্তাকে সংবেদনশীল আলোকচিত্র ও ভিডিও পাঠানোর অভিযোগ আনা হয়।
ঝাও ওই চীনা গোয়েন্দাকে ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌ মহড়ার পরিকল্পনা, বিভিন্ন অভিযান সংক্রান্ত আদেশ এবং জাপানের ওকিনাওয়ায় অবস্থিত একটি গ্রাউন্ড/এয়ার টাস্ক-ওরিয়েন্টেড রেডার সিস্টেমের বৈদ্যুতিক চার্ট ও নকশা’ দিয়েছেন বলে কৌঁসুলিরা অভিযোগ করেন।
ঝাও গত বছর দোষী সাব্যস্ত হন, তিনি এখন ২৭ মাসের সাজা ভোগ করছেন।